জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে চট্টগ্রাম, ঢাকা, বরিশালের আধিপত্য
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডের চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন পয়েন্ট তালিকার শীর্ষ দল চট্টগ্রাম, বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা এবং বরিশাল নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে।
বিকেএসপিতে চট্টগ্রামের বিরুদ্ধে আরেক শীর্ষ দল রাজশাহী তাদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে সাত উইকেটে ১৬৭ রান করেছে। রাজশাহী এখনও ১৮২ রানে পিছিয়ে রয়েছে। চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩৪১ রান করে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন ঢাকা দ্বিতীয় দিন চালকের আসনে বসে গেছে। দ্বিতীয় খুলনা প্রথম ইনিংসে ছয় উইকেটে ১৫৭ করেছে। ফলোঅন এড়াতে তাদের আরও ১৫৭ রান দরকার। প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ছিল ৪৬৪ রান।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিরুদ্ধে স্বাগতিক দল রয়েছে সুবিধাজনক অবস্থানে। বরিশালের প্রথম ইনিংসে ৩৫৪ রানের জবাবে সিলেট দ্বিতীয় দিনশেষে কোন উইকেট না হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে।
চট্টগ্রাম বনাম রাজশাহী
চট্টগ্রামের দুই বোলার এহসানুল হক এবং ইলিয়াস সানী তিনটি করে উইকেট তুলে নিলে রাজশাহীর প্রথম ইনিংসে লিড নেওয়ার আশা মুছে যায়। দিনশেষে ১৬৭ রান সংগ্রহ করতে রাজশাহী সাত উইকেট খুইয়েছে।
২৮ রানে রাজশাহীর দুই ওপেনার রফিকুল ইসলাম (৩) এবং জহিরুল ইসলাম (১৮) ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে ফরহাদ রেজা (৫৭) এবং নাঈম ইসলাম মূল্যবান ৯২ রান করে দলের বিপর্যয় সামাল দেন। কিন্তু ইলিয়াস সানী এবং এহসানুল মাত্র ২৩ রানের মধ্যে রাজশাহীর ছয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরতে পাঠালে তাদের স্কোর দাঁড়ায় ১৪৩ রান।
নাঈম ৫৮ এবং শামসুল ইসলাম ১৪ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে চট্টগ্রাম ছয় উইকেটে ২৫৭ রান নিয়ে দিনের সূচনা করে শেষ পর্যন্ত ৩৪১ রানে অলআউট হয়। ইলিয়াস সানী ৫১ এবং ধীমান ঘোষ ৪১ রান করেন।
ঢাকা বনাম খুলনা
ঢাকার ব্যাটসম্যানদের কমরানে বেঁধে রাখতে ব্যর্থ হওয়ার পর আবার বোলারদের তোপের মুখে পড়েছে খুলনার ব্যাটসম্যানরা। স্থানীয় দলের বোলারদের তোপের মুখে খুলনা দ্বিতীয় দিনশেষে ছয় উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয়েছে। খুলনার অধিনায়ক তুষার ইমরান ৫০ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া সগীর হোসেন ৭৫ বলে করেন ৫০ রান।
ঢাকার পেসার মোহাম্মদ শরীফ ২৭ রানে তুলে নেন চার উইকেট। এর আগে ঢাকা পাঁচ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করে এবং শেষদিকে মোহাম্মদ শরীফের ৭৫ রানে ভর ৪৬৪ রানের পাহাড় গড়ে।
সিলেট বনাম বরিশাল
মার্শাল আইয়ুবের অনবদ্য সেঞ্চুরির সুবাদে বরিশাল প্রথম ইনিংসে ৩৫৪ রান করে। এর আগে এক উইকেটে ৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা।
সিলেটের বোলার তাপস বৈশ্য অল্প সময়ের মধ্যে বরিশালের শাহীন (১১) এবং ইশরাক সনেটকে (১) ফিরিয়ে দেন। পরে অবশ্য তাপসের ছন্দে বল করতে পারেননি অন্য বোলাররা। ৯৭ বলে ১৪টি বাউন্ডারি এবং দু’টি ছক্কায় ১০৭ রান করা মার্শাল আইয়ুবের উইকেটটিও তুলে নেন তাপস। বরিশালের আরাফাত সালাহউদ্দিন ৬৬ রানে অপরাজিত থেকে যান।
সিলেট তাদের দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে। ইমতিয়াজ হোসেন ৪৫ এবং গোলাম রহমান ২৭ রানে অপরাজিত রয়েছেন।
