২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রসের সেঞ্চুরিতে মুম্বাই টেস্টের প্রথম দিনেই শক্ত অবস্থানে ইংল্যান্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রসের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড তিন উইকেটে ২৭২ রান করে শক্ত অবস্থানের দিকে এগোচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও তাকে একপ্রকার হতাশ করে দিয়ে ইংলিশরা রান করে গেছেন। দলীয় ৫২ রানে স্ট্রসের উদ্বোধনী সঙ্গী ইয়ান বেল (১৮) আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে অভিষিক্ত ব্যাটসম্যান ওয়েইস শাহকে সাথে নিয়ে স্ট্রস ১০৬ রানের পার্টনারশীপ গড়ে দলকে নিরাপদ স্থানে নিয়ে যান।

চা বিরতির সময় ওয়েইস শাহ মুম্বাইয়ের অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে স্বেচ্ছায় অবসর নিলেও অন্যপ্রান্তে সচল ছিল স্ট্রসের ব্যাট। ওয়েইস ৯৭ বলে আটটি চারে অভিষেকেই হাফ সেঞ্চুরির দেখা পান।

তৃতীয় উইকেটে স্ট্রসের সাথে জুটি গড়েন কেভিন পিটারসেন। এই জুটিতে ওঠে আরও ৭২ রান। কিন্তু দলকে ২৩০ রানে রেখে ফিরে যান স্ট্রস। হরভজনের ঘূর্ণিবলে ধোনির হাতে ক্যাচ দেওয়ার আগে স্ট্রস ২৩৯ বলে ১৭টি বাউন্ডারি এবং একটি ছক্কায় করেন ১২৮ রান।

এরপর আর ১২ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথে হাঁটেন পিটারসেনও। শ্রীশান্থের বলে এবারও উইকেটের পেছনে পিটারসেনের ক্যাচটি লুফে নেন ধোনি। এর আগে ইয়ান বেলের উইকেটটিও তুলে নেন শ্রীশান্থ।

দিনশেষে কলিংউড ১১ এবং অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ ১৭ রানে অপরাজিত রয়েছেন।