২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদ বিরোধী নতুন আইন এখন থেকেই প্রয়োগ করা হবে: ফিফা

বর্ণবাদ বিরোধী নতুন আইন খুব তাড়াতাড়ি প্রয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 09:56 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ফিফা বর্ণবাদ বিরোধী নতুন আইনে ম্যাচ সাসপেনশন, অভিযুক্ত দলের পয়েন্ট কেটে নেওয়া এবং প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার মত গুরুতর শাস্তির বিধান রেখেছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার বলেন, “আমি সকলকে জানাচ্ছি যে বর্ণবাদ বিরোধী নতুন আইনের দ্রুত প্রয়োগ করা হবে।”

ফিফা প্রধান ব্লাটার ফিফা’র শৃঙ্খলা বিধিগুলো সংশোধনের প্রস্তাব পেশ করে বলেন, ফিফা’র সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় এ্যাসোসিয়েশনগুলোর কাছে সোমবার বর্ণবাদ বিরোধী নতুন আইনের ব্যাপারে বিস্তারিত লিখিত আকারে পাঠানো হবে।

ব্লাটার বলেন, “বর্ণবাদ বিরোধী নতুন আইন করতে আরও সময় লাগবে বলে আমি মনেকরি না। গুরুত্বপূর্ণ সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”

বর্ণবাদ বিরোধী নতুন আইন অনুযায়ি বিভিন্ন টুর্নামেন্টের ক্লাবগুলো প্রথমবার এই অভিযোগে অভিযুক্ত হলে তিন পয়েন্ট, দ্বিতীয়বার অভিযুক্ত হলে ছয় পয়েন্ট এবং এরপর পুনরায় অভিযুক্ত হলে বহিষ্কার করা হবে।

বিভিন্ন এ্যাসোসিয়েশনের সদস্যরা এই আইন কাজে লাগাতে ব্যর্থ হলে তাদেরকে দু’বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে বহিষ্কার করারও বিধান রাখা হয়েছে নতুন বর্ণবাদ বিরোধী আইনে।

নতুন আইন জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলেও প্রয়োগ করা হবে।