জাতীয় লিগের ৪ দিনের ম্যাচে প্রথম দিন ব্যাট হাতে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট
দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডে চারদিনের ম্যাচের প্রথম দিনে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট ব্যাট করছে।
বিকেএসপি মাঠে চট্টগ্রাম নাজিম উদ্দিনের সেঞ্চুরির ওপর ভর করে ছয় উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে।
ধানমন্ডি ক্রিকেট মাঠে কামরুল ইসলামের অপরাজিত ১৪৭ রানের কল্যাণে স্বাগতিক ঢাকা খুলনার বিরুদ্ধে পাঁচ উইকেটে ৩১৬ রান তুলেছে।
বরিশালে সফরকারী সিলেট ১৯৪ রানে অল আউট হয়ে গেছে। বরিশাল এক উইকেট হারিয়ে তুলেছে ৯৪ রান।
চট্টগ্রাম বনাম রাজশাহী
চট্টগ্রাম ইনিংসের শুরুতেই ১৭ রান তুলতে না তুলতেই দুটি উইকেট হারিয়ে ফেলে। তৃতীয় উইকেট জুটিতে নাফিস ইকবাল ও নাজিম উদ্দিন মূল্যবান ৫২ রান যোগ করেন।
চারটি চারের সাহায্যে নাফিস ২৬ রান করে শুভ’র বলে আলমগীরের হাতে ধরা পড়ে বিদায় নেন।
এরপর নাজিম এহসানুল হকের সাথে আরো ৪৮ রান যোগ করেন। এহসান করেন ১৮ রান। পঞ্চম উইকেট জুটিতে নাজিম ফয়সাল হোসেন ডিকেন্সের সাথে জুটি বেধে ১১৩ রান তোলেন। আউট হওয়ার আগে ডিকেন্সের নামের পাশে ছিল ৬৬ রান।
নাজিম ২৩৮ বল মোকাবেলায় ১০৪ রান করেন।
ধীমান ঘোষ ১৯ ও ইলিয়াস সানি ৬ রানে অপরাজিত রয়েছেন।
ঢাকা বনাম খুলনা
ইনিংসের গোড়াপত্তন করতে এসে ঢাকার ওপেনার উত্তম কুমার ও আনোয়ার হোসেন ৮২ রানের শক্ত ভীত গড়ে দেন।
আনোয়ার হোসেনের (১৫) আউটের পর নাজমুস সাদত উত্তমের সাথে জুটি বাধেন। উত্তম ৮৬ বলে ৭১ রানে আউট হন।
কিন্তু কোনো বোলারই কামরুলকে থামাতে পারেনি। কামরুল ২০৬ বলে ১৪৭ রানে অপরাজিত রয়েছেন। ১০ রান নিয়ে রুবেলও অপরাজিত রয়েছেন।
সিলেট বনাম বরিশাল
বরিশালের আরাফাত সালাউদ্দিন চার উইকেট নিয়ে সফরকারী সিলেটকে ১৯৪ রানে থামিয়ে দেয়। সিলেটের পক্ষে গোলাম মাহাবুব ৫৭ বলে ৬৫ রান করেন।
তাপস বৈশ্য ও ইনামুল হক যথাক্রমে ৪১ ও ৩২ রান করেন।
আরাফাত সালাউদ্দিন ৪৭ রানে চারটি এবং নাদিফ চৌধুরী ২৭ রানে দুই উইকেট লাভ করেন।
জবাবে বরিশাল ওপেনার হান্নান সরকার ৭৫ বলে ৫৯ করেছেন। অপর ওপনার ইমরান আহমেদ ২৫ রানে অপরাজিত রয়েছেন। অপর অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ শাহীন।
