কেনিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
বাংলালিংক টাইগার্স কাপ ক্রিকেট সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শুক্রবার স্বাগতিক বাংলাদেশ ১৩১ রানের বিশাল ব্যবধানে কেনিয়াকে হারিয়েছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সাত উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
এ ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৭২। ঢাকায় জিম্বাবুয়ের বিরুদ্ধে স্বাগতিক দল এ রান করেছিল।
দলীয় সর্বোচ্চ রান তো বটেই শুক্রবার ম্যাচে বাংলাদেশ দল প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে তিনশ’ রান সংগ্রহ করে। আর বাংলাদেশকে বড় সংগ্রহের ক্ষেত্রে ভিত্তি গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান বাহাতি শাহরিয়ার নাফিস ও বর্ষীয়ান জাভেদ ওমর বেলিম। উদ্বোধনী জুটিতে তারা ৯২ রান সংগ্রহ করেন।
উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস, আফতাব, মাশরাফি ও রফিক স্ট্রোকের ফুলঝুরি ছড়ান।
বোলিংয়ে পেসার সৈয়দ রাসেল শুরুতেই স্বাগতিকদের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে জয়ের সোজা রাস্তা বাতলে দেন। ৩৮ রানেই তিনি কেনিয়ার প্রথম সারির তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন।
এছাড়া মোহাম্মদ রফিক ও আশরাফুল দুটি করে উইকেট লাভ করেন।
কেনিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তন্ময় মিশ্র। তিনি ৮২ বলের মোকাবেলায় ৪৩ রান তোলেন। এছাড়া টনি সুজি ৫৫ বলে ৩৩, ওদোয়ো ১৬, মার্টিন সুজি ১২ ও অনগন্ডো ১০ রান করেন।
বাংলাদেশ খুব ধীর স্থিরভাবে ইনিংসের সূচনা করে। ২২ দশমিক তিন ওভারে স্বাগতিকরা ১০০৯ রান তোলে। এর পর রানের গতি বাড়ানোর দিকে ব্যাটসম্যানরা নজর দেন। পরবর্তী ১০ ওভারে বাংলাদেশী ব্যাটসম্যানরা ১০৫ রান তোলেন।
মাশরাফি ইনিংসের শেষ ওভারে কেনিয়ান বোলার অনগন্ডোর ওপর চড়াও হন। ওই ওভারে তিনি দটি ছক্কা হাকিয়ে ২০ রান তোলেন।
এদিন অধিনায়ক হাবিবুল বাশার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ নিজেদের সামর্থ প্রমাণ করেন।
মাশরাফি ছাড়া মোহাম্মদ রফিক মূল্যবান ৩৬ রানের একটি ইনিংস খেলেন। ৩৬ রান করতে তিনি খরচ করেন মাত্র ২৫টি বল।
উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস মাত্র নয় রানের জন্যে সেঞ্চুরি বঞ্চিত হন।
তার ৯১ রানের ইনিংসটিতে ১১টি চারের মার ছিলো।
বাংলাদেশের উদ্বোধনী জুঁটি জাভেদ ও শাহরিয়ার আস্তে ধীরে ইনিংসের গোড়াপত্তন শুরু করেন। দলের ৯২ রানে জাভেদ আউট হন।
এরপর নাফিস ও আফতাব দ্বিতীয় উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন। আফতাব ৬২ রান করে অনগন্ডোর বলে আউট হন।
অনগন্ডো ৭৩ রানে দুটি এবং ওদোয়ো ও কান্দে যথাক্রমে ৪৬ ও ৬৩ রান খরচায় একটি করে উইকেট লাভ করেন।
খুলনায় ২০ মার্চ দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে।
