ডালমিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে বিসিসিআই’র মামলা দায়ের
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সময় তহবিল থেকে ২৬ লাখ রুপি আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করেছে বিসিসিআই।
বোর্ডের বর্তমান সেক্রেটারি নিরঞ্জন শাহ দক্ষিণ মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানার ডালমিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তাছাড়া সাবেক বোর্ড সেক্রেটারি এস কে নায়ের, সাবেক কোষাধ্যক্ষ জ্যোতি বাজপায়ী ও কিশোর রাংতা, ডালমিয়ার ব্যক্তিগত সেক্রেটারি কে এন চৌধুরী এবং ভারতের বৈদেশিক ব্যাংকের কলকাতা শাখার ম্যানেজারের নামেও অভিযোগ দায়ের করা হয়।
অর্থ আত্মসাৎ, জালিয়াতি এবং চক্রান্তের অভিযোগ এনে ভারতীয় দন্ডবিধির ৪০৬ ও ৪০৮, ৪২০, ৪৬৫ ও ৪৬৭, ১২০-খ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
