২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে কমনওয়েলথ গেমসের বর্নাঢ্য উদ্বোধন করলেন রাণী

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবার ১৮তম কমনওয়েলথ গেমসের বর্নাঢ্য উদ্বোধন হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যের গভর্নর জন ল্যান্ডির কাছ থেকে গেমসের ব্যাটন হাতে নিয়ে প্রথা অনুযায়ী গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাণী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

১৮তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করে রাণী বলেন, খেলাধুলার মাধ্যমে ৭১টি দেশের ভিন্ন ধরনের সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসের মানুষ একত্রিত হয়েছে।

রানীর ঘোষণার পর পরই অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে অবস্থিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ৮০ হাজার দর্শক  কয়েক মিলিয়ন ডলার ব্যয়ের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুর কাছে ইয়ারা নদীর পাড়েও ছিল উৎফুল্ল দর্শকদের ভীড়। নদীতে তখন চলছিল রংধনু রংয়ের বিপুল সংখ্যক নৌকার মনকাড়া  ডিসপ্লে।

বিশ্বের প্রায় দেড় বিলিয়ন দর্শক টেলিভিশনের পর্দায় উপভোগ করেছে অংশগ্রহনকারী দেশগুলোর সাড়ে চার হাজার খেলোয়াড়রের স্টেডিয়ামে মার্চপাস্টের দৃশ্য। উদ্বোধনী অনুষ্ঠানের শো শুরুর আগে রাণী একটি কালো রঙয়ের রোলস রয়েস গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছান। রাণীর সাথে ছিলেন ডিউক অব এডিনবার্গ এবং প্রিন্স অ্যাডওয়ার্ড। 

ডাইভার টনি অ্যালির নেতৃত্বে ইংল্যান্ড দল প্রথম মাঠে প্রবেশ করে। আর সবার শেষে জেন সেভিল’র নেতৃত্বে মাঠে প্রবেশ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সাঁতারু অ্যাডাম পাইন অংশগ্রহনকারী খেলায়োড়দের গেমসের শপথ বাক্য পাঠ করান এবং ডেম কিরি তি কানাওয়া রাণীর উদ্দেশ্যে ‘শুভ জন্মদিন’ সঙ্গীত পরিবেশন করেন। আগামী মাসেই ৮০ বছরে পা দেবেন রাণী।

প্রায় দীর্ঘ দশ বছরের পরিকল্পনা এবং ৪৬৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়ালো ১৮তম কমনওয়েলথ গেমস। ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর অন্তর (১৯৪২ ও ১৯৪৬ সাল বাদে) অনুষ্ঠিত হয়ে আসছে কমনওয়েলথ গেমস।

গেমসের এক মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গেলেও দুই তারকা খেলোয়াড় অস্ট্রেলিয়ান সাঁতারু ইয়ান থর্প এবং ইংল্যান্ডের দুরপাল্লার দৌড়বিদ পলা র‌্যাডক্লিফ গেমস থেকে সরে দাঁড়ানোও প্রায় চার লাখ টিকিট অবিক্রিত রয়ে গেছে। তাছাড়া গেমস উদ্বোধনের আগে এক টেলিভিশন জরিপে দেখা গেছে এক তৃতীয়াংশ অস্ট্রেলিয়র গেমস নিয়ে কোনো আগ্রহই নেই। তবে আয়োজকরা অবশ্য এতে ভীত নন। 

গেমসে লন বলস, নেটবল এবং স্কোয়াশসহ মোট ১৬ টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে।