রোমে ইংলিশ ফুটবল দর্শক ছুরিকাহত
রোমে উয়েফা কাপের খেলা দেখতে গিয়ে ফুটবল সন্ত্রাসের শিকার হয়েছে ইংল্যান্ডের মিডলসবোর্গের সমর্থকরা। ক্লিভল্যান্ড পুলিশের বরাত দিয়ে জানা গেছে, রোমে যে বার দু’টিতে ইংলিশ দর্শকরা পানীয় পানের জন্য জমায়েত হয়েছিল সেখানে একদল ইতালিয়ান দুর্বৃত্ত হামলা চালালে তিন ইংলিশ ফুটবল দর্শক ছুরিকাহত হয়।
রোমের কেন্দ্রে অবস্থিত ‘ক্যাম্প ডি ফিওরি’তে মঙ্গলবার রাতে যখন প্রায় ২০০ ইংলিশ দর্শক জমায়েত হয় তখনই এই হামলার ঘটনা ঘটে। হামলায় ১৩ জন ইংলিশ কমবেশি আহত হলেও কারও অবস্থাই আশংকাজনক নয়। আহতদের মধ্যে দু’জনকে রোমের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে তাদেরকে বুধবারের মধ্যেই ছেড়ে দেওয়া হবে।
ক্লিভল্যান্ড পুলিশের একজন মুখপাত্র জানান, ইতালির পুলিশ লাঠিচার্জ করে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার বর্ননা দিয়ে ওই মুখপাত্র আরও জানান, মিডলসবোর্গের দর্শকরা যখন বার দু’টিতে পানীয় পানে ব্যস্ত তখনই একটি আতশবাজি বারে ছুঁড়ে মারা হয়। মুহূর্তেই বেঁধে যায় ধুন্ধুমার কান্ড। চলতে থাকে টেবিল চেয়ার ছোড়াছুঁড়ি। মুখপাত্র জানান, আহতদের বেশিভাগেরই বয়স ১৬ থেকে ৫৫ বছর। ক্লিভল্যান্ড পুলিশ সদস্যরা পরে আহতদের দেখতে হাসপাতালগুলো পরিদর্শন করেন।
রোমের এই উগ্র সমর্থকদের দলটি ‘আলট্রা’ নামে পরিচিত। ধারালো কুড়াল হাতে এক ইতালিয়ান ইংলিশদের উপর হামলাকারী দলের নেতৃত্বে ছিল বলে সূত্র জানিয়েছে।
গতবছ নভেম্বরেও আমস্টারডামে মিডলসবোর্গের এক দর্শক স্থানীয় উগ্র সমর্থকদের ছুরিকাঘাতে মারা যায়।
