বাংলালিঙ্ক টাইগার কাপ ওয়ান ডে সিরিজের টিকিটের মূল্য ৫০ % বৃদ্ধি করেছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাগতিক বাংলাদেশ ও কেনিয়ার মধ্যেকার অনুষ্ঠেয় বাংলালিঙ্ক টাইগার কাপ ওয়ান ডে সিরিজের জন্য ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য শতকরা ৫০ ভাগ বৃদ্ধি করেছে।
তাছাড়া গ্যালারি টিকিটের মূল্যও শতকরা ২০ ভাগ বৃদ্ধি করা হয়েছে বলে বুধবার বিসিবি’র একজন কর্মকর্তা বিডিনিউজকে জানায়। তবে টিকিটের মূল্য কেন বৃদ্ধি করা হয়েছে তা তিনি জানাননি।
১৭ মার্চ বগুড়ার চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যেকার প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে। ক্লাব হাউজ, বিশেষ গ্যালারি এবং ভিআইপি বক্স নিয়ে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি গঠিত।
মঙ্গলবার ১৭ সদস্যের কেনিয়া দল ৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে। ম্যাচগুলো বগুড়া, খুলনা এবং নারায়ণগঞ্জে খেলা হবে। বুধবার তারা সিরিজের প্রথম ওয়ান ডে খেলার জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবে।
ক্লাব হাউজ টিকিটের মূল্য ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫০ টাকা, বিশেষ গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা এবং ভিআইপি বক্সের টিকিটের মূল্য ১০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫০০ টাকা করা হয়েছে।
গ্যালারি টিকিটের মূল্য ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। তবে এসি এবং নন এসি হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য অপরিবর্তনশিল রয়েছে।
বিসিবি খুলনা ও নারায়ণগঞ্জের নতুন ভেন্যু দু’টির টিকিট মূল্যও নির্ধারণ করেছে।
খুলনার বীরশ্যেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি টিকিটের মূল্য ৫০ টাকা, মহিলা গ্যালারি টিকিটের মূল্য ৫০ টাকা, ক্লাব হাউজ টিকিটের মূল্য ২৫০ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের গ্যালারি টিকিটের মূল্য ৬০ টাকা, বিশেষ গ্যালারি টিকিটের মূল্য ২০০ টাকা, ক্লাব হাউজ টিকিটের মূল্য ৫০০ টাকা, ভিআইপি টিটিকের মূল্য ২০০০ টাকা এবং এসি হসপিটালিটি বক্সের মূল্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রথম ওয়ান ডে ম্যাচের ভিআইপি বক্স, ক্লাব হাউজ এবং বিশেষ গ্যালারির টিকিট ১৬ মার্চ থেকে সিটি ব্যাংকের বগুড়া শাখায় পাওয়া যাবে। ১৭ মার্চ থেকে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের কাউন্টারে গ্যালারি টিকিট পাওয়া যাবে।
২০ মার্চ খুলনায় বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে। ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত সিটি ব্যাংকের খুলনা শাখা থেকে টিকিট বিক্রি করা শুরু হবে।
তাছাড়া স্টেডিয়ামের কাউন্টারেও টিকিট বিক্রি করা হবে।
২৩ ও ২৫ মার্চ তৃতীয় ও চতুর্থ ম্যাচ নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে খেলা হবে। ২০ মার্চ থেকে সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ টানবাজার শাখা, নিতাইগঞ্জ শাখা, ঢাকার দিলকুশার প্রিন্সিপাল অফিস শাখা, গুলশান শাখা, বঙ্গবন্ধু এভিনিউ শাখা, কাওরান বাজার শাখা থেকে টিকিট বিক্রি করা শুরু হবে।
তাছাড়া ম্যাচের দিনও স্টেডিয়ামের কাউন্ডারে টিকিট পাওয়া যাবে।
