আইসিসি’র ম্যাচ রেফারি হচ্ছেন কিরণ মোরে
ভারতীয় ক্রিকেটার নির্বাচন কমিটির সভাপতি কিরণ মোরেকে আইসিসি’র সাত সদস্য বিশিষ্ট ম্যাচ রেফারি প্যানেলে অন্তর্ভূক্ত করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এ জন্য কয়েকজনের নাম প্রস্তাব করতে বলেছিল আইসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, “ভারতীয় বোর্ড ম্যাচ রেফারি হিসেবে যে কয়েকজনকে খুঁজছে, তাদের মধ্যে সম্ভব্য তালিকার অগ্রভাগে রয়েছেন ভারতীয় ক্রিকেটার নির্বাচন প্যানেলের সভাপতি কিরণ মোরে।
বোর্ড কর্মকর্তা আরও জানান, সেপ্টেম্বরের পরেই নতুন এই দায়িত্বে মোরেকে যোগ দিতে হবে। তবে নতুন দায়িত্ব গ্রহনের পাশাপাশি বর্তমান দায়িত্ব চালিয়ে যেতে তার তেমন কোন সমস্যাই হবে না। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বর্তমানে আইসিসি’র ম্যাচ রেফারি বা শীর্ষস্থানীয় আম্পায়ারদের মধ্যে কোন ভারতীয় প্রতিনিধি নেই।
১০ বছরের ক্রিকেট খেলোয়াড়ি জীবনের গৌরবময় অধ্যয়ে মোরে ভারতের পক্ষে ৪৯ টি টেস্ট ও ৯৪ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ২০০২--০৩ মৌসুমে তিনি নির্বাচন প্যানেলের সদস্য হন এবং গত বছর থেকে নির্বাচন প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
