২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্ন্তজাতিক ভেন্যুর মর্যাদা পেল ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্ন্তজাতিক ভেন্যুর মর্যাদা লাভ করলো নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম। আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে টেস্ট এবং ওয়ানডে আয়োজনের অনুমোদন পেয়েছে এই স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

আইসিসির ম্যাচ রেফারী রোশান মহানামার পর গত সপ্তাহে ম্যাচ রেফারী ক্লাইভ লয়েডের স্টেডিয়াম পরিদর্শন পরবর্তী রিপোর্টের উপর ভিত্তি করে দেওয়া অনুমোদনটি রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে পৌঁছেছে।

আগামী ২৩ ও ২৫ মার্চ কেনিয়ার বিরুদ্ধে দু’টি ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটবে দেশের নতুন এই স্টেডিয়ামের। তাছাড়া এপ্রিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম এবং খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পর ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বাংলাদেশের ষষ্ঠ আর্ন্তজাতিক ক্রিকেট ভেন্যু। এর আগে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম আর্ন্তজাতিক ভেন্যুর মর্যাদা লাভ করে।