পাকিস্তানের বোলিং কোচ হিসেবে ওয়াকার পাচ্ছেন এক লাখ ডলার
শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ফাস্ট বোলারদের জন্য আলাদা কোচের প্রয়োজন অনুভব করার পর পিসিবি সাবেক টেস্ট অধিনায়ক এবং ফাস্ট বোলার ওয়াকার ইউনুসকে সমঝোতা সাপেক্ষে ১০০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেছে।
তবে কোচিং করানোর জন্য ওয়াকার দাবি করেছিলেন ১৭০,০০০ ডলার। কিন্তু শেষ পর্যন্ত তিনি অবশ্য এক লাখ ডলারেই রাজি হন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইনজামাম উল হক পিসিবি’র চেয়ারম্যানের কাছে ওয়াকারকে শ্রীলঙ্কা সফরে দলের বোলিং কোচ হিসেবে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন।
পিসিবি’র একজন মুখপাত্র জানায়, “ইনজামামের অনুরোধে পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান ফাস্ট বোলার ওয়াকারকে বোলিং কোচ হিসেবে দলের সাথে শ্রীলঙ্কা সফরে পাঠানোর জন্য রাজি হয়েছেন।”
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে বোলিং প্রশিক্ষণ দেওয়া ছাড়াও পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমীতেও কাজ করবেন ওয়াকার।
মুখপাত্র আরও জানায়, “ওয়াকারের সর্বসম্মতভাবে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়নি। পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান ও বোর্ড পরিচালক আব্বাস জাহিদি তার নিয়োগের পক্ষে সায় দিলেও কার্যনির্বাহি পরিচালক সেলিম আলতাফ নিয়োগদানের বিরোধিতা করেন।”
