কেনিয়ার সাথে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করলেন বাশার
শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার কেনিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসন্ন সিরিজে কেনিয়াকে বাংলাদেশ হালকাভাবে নিচ্ছে না।
চারটি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলতে কেনিয়া দল ১৪ মার্চ বাংলাদেশে এসে পৌঁছাবে।
ম্যাচ পরবর্তী ব্রিফিংয়ে বাশার বলেন, ওয়ান ডে সিরিজে কেনিয়াকে আমরা খুব গুরুত্বের সাথে দেখছি।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমাদের অতীত পাফরম্যান্স খুব সুবিধের নয়। এ কারণে তাদের হাল্কাভাবে নিচ্ছি না। তবে তাদের বিরুদ্ধে ভালো করব এই আত্মবিশ্বাস রয়েছে।
এ পর্যন্ত খেলা সাতটি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র একটিতে জয়লাভ করেছে।
বাশার বলেন, দল হিসেবে আমরা আস্তে আস্তে উন্নতি করছি। একদিনের ম্যাচে আমরা শ্রীলংকা, ভারতকে হারিয়েছি।
তিনি বলেন, আমাদের দলে এখন ভারসাম্য রয়েছে। কেনিয়ার বিরুদ্ধে ভালো খেলব বলে আমি আশাবাদী।
বাংলাদেশ অধিনায়ক বলেন, শ্রীলংকাকে একটি ম্যাচে পরাজিত করার আশা আমাদের ছিল। কিন্তু টেস্ট জয় খুব সোজা নয়। যদিও একটি ওয়ান ডে ম্যাচে আমরা তাদের হারিয়েছি।
মুশফিকুর রহিমের ব্যাপারে তিনি বলেন, দীর্ঘ মেয়াদী ম্যাচে রহিমের বিকল্প নেই। তার সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আমরা তাকে দলে নিয়েছি। গত বছর অনুর্ধ্ব ১৯ দলের হয়ে সে চমৎকার খেলেছে।
শ্রীলংকার অধিনায়ক জয়াবর্ধনে বলেন, অধিনায়ক হিসেবে এটিই ছিল আমার প্রথম টেস্ট সিরিজ। এই জয়ে আমি খুবই খুশি। সিরিজ থেকে তরুণরা অনেক কিছুই শিখেছে।
শ্রীলংকার অধিনায়ক বলেন, প্রথম টেস্টে মাহরুফ ভালো বল করেছে। থারাঙ্গাও শ্রীলংকা ক্রিকেটের ভবিষ্যৎ। ক্রিকেট ধৈর্যের খেলা, উভয় ইনিংসে সে এই জিনিসটা প্রমাণ করেছে।
