উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রোটিয়াসদের পরাজিত করে সিরিজে ফিরলো অসিরা
ডারবানে উত্তেজনাপূর্ণ একদিনের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এক উইকেটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনলো।
দিবা--রাত্রীর ম্যাচটিতে প্রোটিয়াস ব্যাটসম্যান বুটা ডিপেনারের ১০১ রান ও শন পোলকের অপরাজিত ৫৩ রানের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে।
জবাবে অসি বিধ্বংসি ব্যাটসম্যান এডাম গিলক্রিস্ট ও সিমন কাটিচ ৮৭ রানের জুটি গড়ে দলের শুরুটা ভালই করেন। এরপরই ১৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৪ টি উইকেটের পতন ঘটলে অসিরা চাপের মধ্যে পড়ে। খবর বিভিন্ন বার্তসংস্থার।
এন্ড্রু সাইমন্ডের মূল্যবান ৭৬ রান অসি’দের বিপদ থেকে রক্ষা করে। কিন্তু ম্যাচ জয় করার জন্য অস্ট্রেলিয়াকে স্টুয়ার্ট ক্লার্ক ও মাইক লুইসের শেষ উইকেট জুটির উপর নির্ভর করতে হয়। এই জুটি পাঁচ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে জয় এনে দেয় এবং সাথে সাথে সিরিজেও সমতা ফিরে আসে।
প্রোটিয়াস বোলারদের মধ্যে টেলিমাচুস ৩ টি এবং ক্যালিস ও হল ২ টি এবং এনটিনি ১ টি উইকেট তুলে নেন।
টস জিতে প্রোটিয়াসরা ব্যাটিংয়ে নামার পরই দ্রুত ২ টি উইকেট হারিয়ে বসে। নতুন বল হাতে নিয়ে অসি ফাস্ট বোলার নাথান ব্রেকিন প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হার্শেল গিভসকে আউট করে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন।
এরপর ডিপেনার ক্রিজে এসে এবি ডি ভিলিয়ারসের সাথে তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান সংগ্রহ করেন।
অসি ফাস্ট বোলার লুইসের বলে এবি ডি ভিলিয়ারস এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩৮ রান করেন।
ইনজুরি থেকে ফিরে বেশ ভালই খেলেছেন প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২১ রান করে সাইমন্ডের বলে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি।
পোলক ও ডিপেনার জুটি ৫৪ বলে ৭২ রান সংগ্রহ করার পর দল সম্মানজনক স্কোরের দিকে আগাতে থাকে। পোলক মাত্র ৩৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন।
ব্রেট লী’র বলে ডিপেনার আউট হওয়ার পর অস্ট্রেলিয়া শেষ দুই ওভারে ম্যাচে ফিরে আসে। মাত্র সাত রানের মধ্যে তারা প্রোটিয়াসদের তিনটি উইকেট পতন ঘটায়।
অসিদের পক্ষে ব্রেকিন ও লুইস ২ টি এবং সাইমন্ড, ক্লার্ক ও লী ১ টি করে উইকেট তুলে নেন।
