২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ বাছাই ফুটবলে হংকংয়ের বিরুদ্ধে ১ - ০ গোলে হেরেছে বাংলাদেশ

হংকংয়ের বদলী খেলোয়াড় সিউ কি চানের দেরীতে করা গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার চানের ওই এক গোলেই বাংলাদেশ এশিয়া কাপ বাছাই ফুটবলে নিজেদের অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হেরে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

স্ট্রাইকার হো ম্যান চানের পরিবর্তে ৬১ মিনিটে খেলতে নামা বদলী ফুটবলার সিউ কি চান ম্যাচের শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে করেন জয়সূচক গোলটি।

নিজেদের সীমানার মধ্যে বাংলাদেশের দুই ডিফেন্ডার রজনী এবং সুজন বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলরক্ষক বিপ্লব এগিয়ে আসেন বল ক্লিয়ার করতে। কিন্তু সিউ কি চানের হেড করা বলটি আটকাতে পারেননি বিপ্লব। ম্যাচের বাকিটা সময় এই এক গোল ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং।

টুর্নামেন্টের এফ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ০ -- ৫ গোলে বিধ্বস্ত হয়।

পুরো ম্যাচে একমাত্র স্ট্রাইকার আলফাজের কয়েকটি নিষ্ফল আক্রমন এবং গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের ব্যক্তিগত নৈপুণ্য ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায়নি। মূলত ডিফেন্সের দুর্বলতার সুযোগেই জয় ছিনিয়ে নেয় অতিথি দলটি।

উজবেকিস্তানের মত হংকংয়ের বিরুদ্ধেও বাংলাদেশের ফুটবলারদের নার্ভাসনেসে ভুগতে দেখা গেছে, তাদের ভুল পাসের মহড়া দেখে অন্তত তাই মনে হয়েছে। হোম গ্রাউন্ডের সুবিধে নিয়েও আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয় ক্রুসিয়ানির দল।

প্রতিপক্ষের খেলার ধাঁচ দেখে আক্রমনে যাওয়ার কৌশল নিয়ে খেলে দু’দলই। তবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন ছিল হংকংয়ের হাতে। অন্যদিকে বাংলাদেশ খুব একটা ভোগাতে পারেনি প্রতিপক্ষকে।

খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ, কিন্তু অধিনায়ক জয়ের বাড়িয়ে দেওয়া বল আলফাজ গোলপোষ্টের বাইরে পাঠিয়ে দিয়ে সেই সুযোগ নষ্ট করেন। এরপরই বাংলাদেশের ডিফেন্ডারদের নিজেদের ঘর সামলাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে।

ছয় মিনিট পর হংকংয়ের আম্বাসার একটি শট গোলপোষ্টে লেগে ফিরে গেলে সমূহ বিপদের হাত থেকে বেঁেচ যায় বাংলাদেশ।

বিরতির বাঁশি বাজার তিন মিনিট আগে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু আরমান মিয়ার শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন হংকং গোলরক্ষক।

বিরতির পর দু’দলই রক্ষনাত্মক অবস্থানে চলে যায়। ৬৪ মিনিটে আরমানের আরেকটি শট ফিষ্ট করে রক্ষা করেন হংকং গোলরক্ষক। ৭৭ মিনিটে হংকংয়ের চান সিউ কি এবং ল চুন বং দু’টি সুযোগ নষ্ট করেন।

জয় সত্ত্বেও ম্যাচ শেষে হংকং কোচ জয়ের ব্যবধানে খুশি হতে পারেননি। কারণ হিসেবে স্ট্রাইকারদের প্রথমার্ধে সুযোগ নষ্ট করাকেই দায়ী করলেন কোচ। হংকংয়ের অধিনায়কের মুখে অবশ্য ছিল বাংলাদেশের দুই স্ট্রাইকার এবং গোলরক্ষকের প্রশংসা।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক আরিফ খান জয় বাজে গোল হজম করার জন্য দুই ডিফেন্ডার রজনী এবং সুজনের মধ্যকার ভুল বোঝাবুঝিকেই দায়ী করেছেন। সহকারী কোচ হাসানুজ্জামান বাবলু বলেছেন অন্য কথা। তার মতে প্রতিপক্ষের সৃষ্ট চাপ সামলাতে ব্যর্থ হয়েছেন ফুটবলাররা। শেষ দিকে হংকংয়ের সুউ কি চান এবং চুন বং ল দু’জনে মিলেই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন বাবলু।