ঢাকাকে টপকে জাতীয় ক্রিকেটের শীর্ষে সিলেট
ইস্পাহানী মির্জপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনে ম্যাচে ঢাকাকে টপকে শীর্ষে চলে এসেছে সিলেট। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিলেট ১৮৮ রানে ঢাকাকে হারিয়ে শীর্ষে উঠে যায়।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামও ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকদের।
লিগের ষষ্ঠ রাউন্ড শেষে সিলেটের সংগ্রহ ২২ পয়েন্ট। ২০ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম। এরপর অবস্থান করছে বরিশাল (১৬ পয়েন্ট) এবং খুলনা (১০ পয়েন্ট)।
ঢাকা বনাম সিলেট
সিলেটের ছুঁড়ে দেওয়া ৩১৬ রানের জয়ের টার্গেটের পেছনে ছুটে ঢাকা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে গেলে ১৮৮ রানের বিশাল জয় পায় সিলেট। সিলেটের পেসার হাসিবুল হোসেন শান্তু এবং গোলাম মাওলা ঢাকার সাত উইকেট ভাগাভাগি করে নেন।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মাহমুদুল্লাহ। এছাড়া আল শাহরিয়ার রোকন ৩৬ এবং নিয়ামুর রশিদ ২২ রান করেন।
শান্তু ২৬ রানে চারটি এবং গোলাম মাওলা ২৩ রানে তিন উইকেট লাভ করেন। দুই ইনিংসে নয় উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শান্তু।
চট্টগ্রাম বনাম খুলনা
খুলনা তিন উইকেটে ২১৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান করলে চট্টগ্রামের সামনে ১৩৯ রানের জয়ের টার্গেট দাঁড়ায়। চট্টগ্রামের সাবিবর খান এবং ইয়াসিন আরাফাত পাঁচ উইকেট তুলে নয়ে খুলনার ম্যাচ ড্রয়ের স্বপ্ন মুছে দেন।
চট্টগ্রামের দুই ওপেনার মাসুমউদ্দৌলা এবং গাজী সালাহউদ্দিন ৭১ রান করে দলের জয় তরান্বিত করেন। মাসুম ৩৫, সালাহউদ্দিন ৫৬ এবং নাজিমউদ্দিন ২৩ রান করেন।
