চট্টগ্রামে শততম টেস্ট খেলবেন মুরালিধরন
ক্যারিয়ারে অনেক মাইলফলকই পেরিয়ে এসেছেন শ্রীলঙ্কার বিশ্বসেরা অফস্পিনার মুত্তিয়া মরালিধরন।
মঙ্গলবার তার দল শ্রীলঙ্কা চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে। সেদিনই আরেকটি মাইলফলকে পৌঁছাবেন নন্দিত এই স্পিনার। চট্টগ্রাম টেস্টই হবে মুরালির শততম টেস্ট ম্যাচ।
শততম টেস্টের আগে সোমবার সাংবাদিকদের জানালেন তার আনন্দের কথা। ‘যখন প্রথম টেস্ট খেলি তখন শততম টেস্ট খেলার কথা মাথাতেই ছিলনা। দেশের হয়ে শততম টেস্ট খেলাটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার’।
৯৯ টেস্টে ২২ দশমিক চার গড়ে মুরালির শিকার ৫৮৪ উইকেট। এর মধ্যে আবার পাঁচ উইকেট শিকার করেছেন ৪৮ বার এবং ম্যাচে দশ উইকেট শিকারের ঘটনা ঘটিয়েছেন ১৪ বার।
টেস্টের এক ইনিংসে তার সেরা হচ্ছে ৫১ রানে নয় উইকেট। আর এক টেস্টের সেরা রেকর্ডটি হচ্ছে ২২২ রানে ১৬ উইকেট। দু’টি রেকর্ডই এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে।
৬০০ টেস্ট উইকেটের মাইলফলক থেকে ১৬ উইকেট দুরে থাকা শ্রীলঙ্কান এই স্পিনার ১৯৯২ সালের ২৮ আগষ্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন। ১৩৫ টেস্টে ৬৫৯ উইকেট নিয়ে মুরালির সামনে এখন শুধু রয়েছেন অস্ট্রেলিয়ার শ্যেন ওয়ার্ন।
মুরালিধরন বলেন, আমি দলের জয়ের জন্য নিজের সেরা খেলাটাই খেলতে চেষ্টা করি। আর দল জয় পেলও ভালোও লাগে।
আরেকটি বিশ্বরেকর্ড অবশ্য মুরালিকে হাতছানি দিচ্ছে। সেটি হলো আর্ন্তজাতিক ক্রিকেটে ১০০০ উইকেট শিকারের মাইলফলক। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে তার শিকার সংখ্যা ৯৯৫ (৯৯ টেস্টে ৫৮৪ এবং ২৭০ ওয়ানডেতে ৪১১)। আর মাত্র পাঁচটি উইকেটই তাকে স্থান করে দেবে ইতিহাসের পাতায়। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি অর্জন করবেন বিরল এক রেকর্ড। মঙ্গলবারই মুরালি হয়ে যেতে পারেন ইতিহাসের অংশ।
বাংলাদেশ সম্পর্কেও কিছু প্রশংসাসূচক কথা শোনা গেল মুরালির মুখ থেকে-‘বাংলাদেশ ভালো দল, এই দলে বেশকিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে জয়টা সহজ হবেনা, তবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো’।
