বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট মঙ্গলবার: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট রেকর্ড উন্নত করতে চায় বাংলাদেশ
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টকে ঘিরে আয়োজকরা আশা করছেন গ্যালারী ভর্তি দর্শক, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটাররা অপেক্ষায় আছেন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার আশায়।
বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের কথাতেও পাওয়া গেল প্রতিদ্বন্দ্বিতার আভাস। ‘আমরা জানি শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের পূর্বেকার টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়, কিন্তু সেসব অতীত হয়ে গেছে’। বাশার জানান, ওয়ানডে সিরিজে তার দল যে পারফরম্যান্স প্রদর্শন করেছে টেস্টেও তার ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে দল আত্মবিশ্বাসী।
বাশার বলেন, শ্রীলঙ্কা দলে বিশ্বখ্যাত স্পিনার মুরালিধরন রয়েছেন, দলের ক্রিকেটাররা মুরালিকে খেলতে প্রস্তুত। তবে সফরকারী দলের অন্য বোলারদেরও হালকাভাবে দেখতে নারাজ বাশার।
বাংলাদেশের বিরুদ্ধে আগের টেস্টগুলোতে মুরালিধরনের রেকর্ড বেশ ওজনদারই বলতেই হবে। চার টেস্টের আট ইনিংসে ৩৪ উইকেট লাভ করেছেন লঙ্কান এই স্পিনার। এর মধ্যে আবার পাঁচ উইকেট শিকার করেন পাঁচবার, দশ উইকেট নিয়েছেন দুইবার। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে তার সেরা হচ্ছে ১৮ রানে ছয় উইকেট।
বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোরও বললেন, মুরালি বিশ্বের সেরা স্পিনার। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানও তার বিরুদ্ধে খেলতে স্বচ্ছন্দ্য বোধ করেন না। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের জন্যতো মুরালি খুবই ভয়ংকর আর দুর্ভাগ্যবশত বাংলাদেশের বেশিভাগ ব্যাটসম্যানই ডানহাতি।
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পরও প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড থেকে লোকাল হিরো আফতাব আহমেদ বাদ পড়ায় হতাশ হয়ে পড়েছে স্থানীয় ক্রিকেটপ্রেমীরা।
আফতাবের বাদ পড়ার ব্যাখ্যা হিসেবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, আফতাব মূলত স্ট্রোক প্লেয়ার, সে স্ট্রোক খেলতেই বেশি পছন্দ করে। আর সে জন্যই নির্বাচকরা তাকে ওয়ানডে স্কোয়াডেই রাখতে বেশি আগ্রহী।
নিজের মাঠে আফতাবের টেস্ট খেলার সুযোগ না পাওয়াকে বন্দরনগরীর বাসিন্দারা দুর্ভাগ্যজনক হিসেবেই দেখছেন।
তবে তাবত বিশ্বের ক্রিকেট সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের যুক্তিটা হলো-টেস্ট ইতিহাসে স্ট্রোক প্লেয়ারের তালিকায় ব্রায়ান লারা, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ইনজামাম উল হক, ভিভিএস লক্ষণের মত ক্রিকেটারদের নাম রয়েছে।
সফরকারীদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও এখান থেকে টেস্টে লড়াই করার পুঁজি যথেষ্টই পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাত উইকেটে ৩০৯ রানের জবাবে নয় উইকেটে ২৩১ রান নিঃসন্দেহে আশা জাগানিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়াও শনিবার ঘোষিত ১৫ জনের স্কোয়াডে অর্ন্তভুক্ত হয়েছেন নাফিস ইকবাল, পেসার শাহাদত হোসেন রাজিব এবং স্পিনার এনামুল হক জুনিয়র।
অন্যদিকে ওয়ানডের সফলতা টেস্টেও ধরে রাখতে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন সফরকারী দলের অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। নন্দিত স্পিনার মুত্তিয়া মুরালিধরনসহ পেসার লাসিথ মালিঙ্গা, ওপেনিং ব্যাটসম্যান মাইকেল ভ্যানডর্ট, ব্যাটসম্যান প্রসন্ন জয়বর্ধনে এবং অলরাউন্ডার থিলান সামারাবীরা যোগ দিয়েছেন শ্রীলঙ্কান টেস্ট স্কোয়াডে।
অধিনায়ক জানিয়েছেন, টেস্ট ম্যাচ ভিন্ন ধরনের একটি বিষয়। বিশেষ করে এ ধরনের স্লো উইকেটে আমাদের আরও ধৈর্য্য এবং সহনশীল হতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে পাঁচ টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ, আর সবগুলো টেস্টই অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায়।
এদিকে লঙ্কান ওয়ানডে স্কোয়াডের ছয় ক্রিকেটার-সনথ জয়সুরিয়া, জেহান মুবারক, হাসান্থা ফার্নান্ডো, রুচিরা পেরেরা, আকালাঙ্কা গানেগামা, কৌশল্য লোকুয়ারাচ্চি রোববার দুপুরে দেশে ফিরে গেছেন।
বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার, খালেদ মাসুদ, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, এনামুল জুনিয়র, মুশফিকুর রহিম, সৈয়দ রাসেল, তাপস বৈশ্য, শাহাদত হোসেন রাজিব
শ্রীলঙ্কা স্কোয়াড: মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা, মাইকেল ভ্যানডর্ট, তিলকরত্নে দিলশান, চামারা কাপুগেদারা, প্রসন্ন জয়বর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, মালিঙ্গা বান্দারা, ফারভিজ মাহরুফ, ধাম্মিকা প্রসাদ, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো, থিলান সামারাবীরা, সাজীবা বীরাকুন।
