২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না আফতাবের

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলা হচ্ছে না শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের হিরো আফতাব আহমেদের। তবে চুড়ান্ত স্কেয়াড ঘোষণা করা হবে মঙ্গলবার ম্যাচ শুরু হওয়া আগে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আফতাবের দলে না থাকার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক ফারুক আহমেদ সোমবার জানান, আফতাব মূলত স্ট্রোক প্লেয়ার, স্ট্রোক খেলতেই সে পছন্দ করে। আর সেই কারণেই নির্বাচকরা আফতাবকে ওয়ানডে স্কোয়াডেই রাখতে আগ্রহী।

লোকাল হিরো আফতাবের দলে না থাকার খবরে মুষড়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটমহল। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের কথার্তাতেও সেই হতাশা প্রকাশ পেয়েছে। নিজের মাঠে আফতাবের না খেলাকে তারা দুর্ভাগ্যজনকই বলছেন।

ক্রিকেট সমালোচকরা বলছেন অন্য কথা। তাদের কথা হলো-টেস্ট ইতিহাসে স্ট্রোক প্লেয়ারের তালিকায় ব্রায়ান লারা, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ইনজামাম উল হক, ভিভিএস লক্ষনের মত ক্রিকেটারের নামও রয়েছে।

আফতাব ছাড়াও মুশফিকুর রহিম এবং পেসার তাপস বৈশ্যরও জায়গা হয়নি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট স্কোয়াডে।

তাপসের ব্যাপারে প্রধান নির্বাচকের মন্তব্য ছিল-তার (তাপস) অভিজ্ঞতা থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়।

স্কোয়াডের আরেক পেসার সৈয়দ রাসেল সম্পর্কে ফারুক জানান, শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের সিরিজ এবং সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে রাসেলের পারফরম্যান্স ভালো ছিল।

পেসার শাহাদত হোসেন রাজিবের দলে অর্ন্তভুক্তির ব্যাপারেও একই যুক্তি দেখিয়েছেন প্রধান নির্বাচক।