২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে চারদিনের ম্যাচে বরিশালের দ্বিতীয় জয়

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে বরিশাল। রোববার নিজেদের মাঠে বরিশাল রাজশাহীর বিরুদ্ধে একদিন বাকি থাকতেই ১১৫ রানের জয় পায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বরিশালের ২২৮ রানের টার্গেটের পেছনে ছুটে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে যায়।

এই জয়সহ ছয় ম্যাচে বরিশালের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ পয়েন্ট। অন্যদিকে সামনসংখ্যক ম্যাচে রাজশাহীর পয়েন্ট ২০।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিক ঢাকা তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২২ রান সংগ্রহ করেছে। সিলেটের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের টার্গেটের পেছনে ধাওয়া করে ঢাকা এখনও ৩১১ রানে পিছিয়ে রয়েছে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল এবং চট্টগ্রামের মধ্যকার ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছে। চট্টগ্রামের ৪২২ রানের জবাবে খুলনা দ্বিতীয় ইনিংসে দিনশেষে তিন উইকেটে ২১৭ রান তুলেছে। সবমিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৮৭ রান।

বরিশাল বনাম রাজশাহী

বরিশালের দুই বোলার আনিসুর রহমান এবং মনির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী বিস্মকরভাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে যায়। আনিস এবং মনির তিনটি করে উইকেট লাভ করেন।

রাজশাহীর জুনাইদ সিদ্দিক সর্বোচ্চ ২৪ রান করেন। এছাড়া নাঈম ইসলাম ১৮ এবং শামিমুল ইসলাম ১৫ রান করেন।

এর আগে বরিশাল চার উইকেটে ১৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শেষ পর্যন্ত ৩২০ রান করে। তাদের লিড দাঁড়ায় ২২৭ রানের। নাদিফ চৌধুরী ৪৯ এবং মার্শাল আইয়ুব ৫৪ রান করেন। এছাড়া নাসিরউদ্দিন ফারুক ৩২ এবং আরাফাত সালাহউদ্দিন ২৭ রান করেন।

চট্টগ্রাম বনাম খুলনা

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধারাবাহিকতা ধরে রেখেছে খুলনা। তৃতীয় দিনের খেলা শেষে সাজ্জাদুল হাসান ৭০ এবং আসাদুল্লাহ খান ১৩ রানে অপরাজিত রয়েছেন।

১২ রানে ওপেনার আসলাম খান (৮) আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে সাজ্জাদ এবং নাজমুস সাদাত ৭৯ রান করে দলের শক্ত ভিত গড়ে দেন। নাজমুস ৪৮ রান করেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে সগীর হোসেনকে নিয়ে আরও ৯৫ রান যোগ করেন সাজ্জাদ। সগীর ৮৩ বলে ৬২ রান করেন।

এর আগে চট্টগ্রাম আট উইকেটে ৩৭৮ রান নিয়ে দিনের সূচনা করে শেষ পর্যন্ত ৪২২ রান করে এবং প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয়।

ঢাকা বনাম সিলেট

চারদিনের ম্যাচে চতুর্থ জয়ের দ্বরপ্রান্তে পৌঁছে গেছে সিলেট। ঢাকার বিরুদ্ধে সিলেটের জয় এখন সময়ের ব্যাপার।

অন্যদিকে জয়ের ঢাকার এখনও ৩১৬ রান দরকার, হাতে রয়েছে নয়টি উইকেট এবং পুরো একদিন।

সিলেট দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান করলে তাদের লিড দাঁড়ায় ৩৩৭ রান। জবাবে ঢাকা দিনশেষে এক উইকেটে ২২ রান করতে সক্ষম হয়।