ওয়ানডের পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট পরিসংখ্যানটাও বদলে ফেলতে চায় বাংলাদেশ
ওয়ানডেতে দুর্দান্ত লড়াইয়ের পর এবার টেস্টের কঠিন লড়াই। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। কিন্তু লড়াইটা কঠিন হলেও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার।
‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের টেস্ট রেকর্ডটা খুব একটা ভালো নয়, এটা আমরা জানি। কিন্তু সেসব অতিত হেয়ে গেছে’ রোববার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুশীলনে সাংবাদিকদের এমনটাই জানালেন অধিনায়ক বাশার।
একই ভেন্যুতে মঙ্গলবার দু’দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। আর এ লক্ষ্যেই রোববার নিজেদের ঝালাই করে নিতে মাঠে নেমেছিল বাশার বাহিনী। সাথে ছিল টেস্ট স্কোয়াডে যোগ দেওয়া নতুনরা। অন্যদিকে টেস্ট স্কোয়াডে নতুনদের জায়গা করে দিতে ওয়ানডে স্কোয়াডের কয়েক ক্রিকেটার চলে গেছেন বিশ্রামে।
সফরকারীদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও এখান থেকে টেস্টে লড়াই করার পুঁজি যথেষ্টই পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাত উইকেটে ৩০৯ রানের জবাবে নয় উইকেটে ২৩১ রান নিঃসন্দেহে আশা জাগানিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়াও শনিবার ঘোষিত ১৫ জনের স্কোয়াডে অর্ন্তভুক্ত হয়েছেন নাফিস ইকবাল, পেসার শাহাদত হোসেন রাজিব এবং স্পিনার এনামুল হক জুনিয়র।
অন্যদিকে ওয়ানডের সফলতা টেস্টেও ধরে রাখতে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন সফরকারী দলের অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। নন্দিত স্পিনার মুত্তিয়া মুরালিধরনসহ নতুন পাঁচ ক্রিকেটার নিয়ে রোববার শ্রীলঙ্কা দলও অনুশীলন করেছে। এছাড়ও ছিলেন পেসার লাসিথ মালিঙ্গা, ওপেনিং ব্যাটসম্যান মাইকেল ভ্যানডর্ট, ব্যাটসম্যান প্রসন্ন জয়বর্ধনে এবং অলরাউন্ডার থিলান সামারাবীরা।
অনুশীলনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক বলেন, টেস্ট ম্যাচ ভিন্ন ধরনের একটি বিষয়। বিশেষ করে এ ধরনের স্লো উইকেটে আমাদের আরও ধৈর্য্য এবং সহনশীল হতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে পাঁচ টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ, আর সবগুলো টেস্টই অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কা দলের অনুশীলনে স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত থাকলেও দলীয় ম্যানেজারের অনুমতি না থাকায় কথা বলতে পারেননি স্পিনার মুরালিধরন। কিন্তু অনুমতির জন্য শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাইকেল টিসেরাকে এ সময় স্টেডিয়ামে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে লঙ্কান ওয়ানডে স্কোয়াডের ছয় ক্রিকেটার-সনথ জয়সুরিয়া, জেহান মুবারক, হাসান্থা ফার্নান্ডো, রুচিরা পেরেরা, আকালাঙ্কা গানেগামা, কৌশল্য লোকুয়ারাচ্চি রোববার দুপুরে দেশে ফিরে গেছেন।
বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার, খালেদ মাসুদ, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, এনামুল জুনিয়র, মুশফিকুর রহিম, সৈয়দ রাসেল, তাপস বৈশ্য, শাহাদত হোসেন রাজিব
শ্রীলঙ্কা স্কোয়াড: মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা, মাইকেল ভ্যানডর্ট, তিলকরত্নে দিলশান, চামারা কাপুগেদারা, প্রসন্ন জয়বর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, মালিঙ্গা বান্দারা, ফারভিজ মাহরুফ, ধাম্মিকা প্রসাদ, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো, থিলান সামারাবীরা, সাজীবা বীরাকুন।
