জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে লিড নিয়েছে চট্টগ্রাম ও সিলেট
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে ৮৬ রানে লিড নিয়েছে চট্টগ্রাম।
খুলনার প্রথম ইনিংসে ২৯২ রানের জবাবে চট্টগ্রাম দিনশেষে আট উইকেটে ৩৭৮ রান করেছে। ফয়সাল হোসেন ডিকেন্স ১৭৬ রানে অপরাজিত রয়েছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার বিরুদ্ধেও লিড নিয়েছে অতিথি সিলেট। দিনশেষে চার উইকেটে ৮২ রান তুলে সবমিলিয়ে ১৩৩ রানে এগিয়ে গেছে সিলেট।
অন্যদিকে নিজেদের মাঠে বরিশাল অতিথি রাজশাহীর বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অবস্থান শক্ত করছে। দ্বিতীয় দিনের শেষে চার উইকেটে ১৮১ রান তুলেছে স্বাগতিকরা। রাজশাহীর ২৬১ রানের জবাবে বরিশাল সবমিলিয়ে ৮৮ রানে এগিয়ে রয়েছে।
চট্টগ্রাম বনাম খুলনা
আগেরদিন কোন উইকেট না খুইয়ে কোন রানও করতে পারেনি চট্টগ্রাম। দ্বিতীয় দিন সেই অবস্থায় তারা শুরু করে ব্যাটিং। দিনশেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে আট উইকেটে ৩৭৮। ব্যাটসম্যান ফয়সাল হোসেন ডিকেন্স ২৬৭ বলে ২৪টি বাউন্ডারি এবং একটি ছক্কায় ১৭৬ রান করে অপরাজিত রয়েছেন।
চতুর্থ উইকেট জুটিতে ফয়সাল এবং সালাহউদ্দিন ৫৫ রান যোগ করেন। সালাহউদ্দিন ৫৯ রান করেন। এরপর পঞ্চম উইকেট জুটিতে ফয়সাল এবং ওয়াসেল আরও ১৩৫ রান করে দলের সংগ্রহ স্ফীত করে তোলেন। ওয়াসেল ৪৩ রান করেন।
রাজশাহী বনাম বরিশাল
প্রথম ইনিংসে বাজে পারফরম্যান্স প্রদর্শন করলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক বরিশাল। শাহীনের হাফ সেঞ্চুরিতে ভর করে দিনশেষে তারা সংগ্রহ করেছে চার উইকেটে ১৮১ রান। স্কোর বোর্ডে কোন ওঠার আগেই ওপেনার ইমরান আহমেদ সাজঘরে ফিরে গলে হান্নান সরকার এবং এম শাহীন দ্বিতীয় উইকেট জুটিতে ১১০ রান করে দলের বিপর্যয় ঠেকাতে সক্ষম হন। হান্নান ৪১ এব!ং শাহীন ৬৮ রান করেন।
দিনশেষে নাদিফ চৌধুরী ৩৮ এবং মার্শাল আইয়ুব ১২ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে রাজশাহী প্রথম ইনিংসে ২৬১ রানে অলআউট হয়। দলের পক্ষে নাঈম ইসলাম ১০২, হাসানুজ্জামান ৩৪, শামিমুল হক ২৯ এবং কামরুল ইসলাম ১৭ (অপরাজিত) রান করেন।
ঢাকা বনাম সিলেট
দুই উইকেটে ৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা ১৫২ রানে অলআউট হয়ে যায়। আল শাহরিয়ার রোকন সর্বোচ্চ ৬০ রান করেন। সিলেটের হাসিবুল হোসেন শান্তু পাঁচ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন গুড়িয়ে দেন।
জবাবে সিলেটও এক পর্যায়ে ৩১ রানে তিন উইকেট হারালেও ইজাজ আহমেদ এবং রেজাউল ইসলামের চতুর্থ উইকেট জুটিতে ৪৭ রানের পার্টনারশীপে বিপর্যয় থেকে উদ্ধার পায়।
ইজাজ ২৫ রানে আউট হয়ে গেলেও রেজাউল ২৩ এবং গোলাম মাবুদ তিন রানে অপরাজিত রয়েছেন।
