২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসরুদ্ধকর টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটে অসিদের দুই রানে পরাজিত করলো প্রোটিয়াসরা

ফর্ম ফিরে পাওয়া প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথের অপরাজিত ৮৯ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটে শ্বাসরুদ্ধকর ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে দুই রানে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

টস জিতে স্মিথের ৮৯ রানের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে চার উইকেটে ২০১ রানে তোলে। জবাবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সাত উইকেটে ১৯৯ রান করে।

১২৪ রান তুলতেই অস্ট্রেলিয়া ছয় উইকেট হারিয়ে বসে। কিন্তু ব্রেড হগ এবং ব্রেট লী দ্রুতগতিতে ৩৬ বলে ৫৭ রান তুললে বিশ্ব চ্যাম্পিয়নরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করে।

১৯তম ওভারে প্রোটিয়াস ফাস্ট বোলার এন্ড্রু হলের বলে মিড-অফে দাড়িয়ে প্রোটিয়াস অধিনায়ক স্মিথ দারুনভাবে ব্রেড হগের ক্যাচটি ধরে দলে ম্যাচে ফিরিয়ে আনেন।

অসি ব্যাটসম্যান সিমন কার্টিচ অস্ট্রেলিয়ার শুরুটা ভালই করেন। তিনি ছয়টি চার এবং একটি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৯ রান করেন। প্রোটিয়াস পেসার রজার তেলেমাচুসের বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দেন কার্টিজ।

মাইকেল ক্লার্ক তিনটি ছক্কার সাহায্যে ৩৭ বলে ২৪ রান করেন।

প্রোটিয়াস বোলারদের মধ্যে হল চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে নেন।

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দুই ঘন্টা দেরি হয়।

প্রোটিয়াস অধিনায়ক সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে রানের দেখা না পেলেও দেশের মাটিতে এই ম্যাচে দারুন পারফরমেন্স দেখান। তিনি ৫৮ বল মোকাবেলা করে ৮৯ রান করেন যার মধ্যে ১১ টি বাউন্ডারি এবং একটি ছক্কা ছিল।

দ্বিতীয় উইকেট জুটিতে স্মিথ ও হার্শেল গিবস ৬৫ বলে ১১১ রানের জুটি গড়ে তোলেন।

অসি ফাস্ট বোলার মাইক লুইসের বলে গিবস ৫৬ রান করে এববিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

রোববার সেঞ্চুরিয়ানে অস্টেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।