২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুস, সগিরের সেঞ্চুরির সুবাদে চারদিনের ম্যাচে খুলনার শুভ সূচনা

নাজমুজ সাদাত ও সগির হোসেনের জোড়া সেঞ্চুরির সুবাদে ইস্পাহানি মির্জাপুর চা ৭ম জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচের প্রথম দিনে স্বাগতিক দল সফরকারী চট্টগ্রামের বিরুদ্ধে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নাজমুস ১৬৯ বল মোকাবেলা করে ১৫টি চারের সহায়তায় ১০৩ রান করেন। সগির ১৫১ বলে খেলে ১৩টি বাউন্ডারির সহায়তায় ১০১ রান করেন।

অবশ্য খুলনার নিচের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ না হলে তাদের সংগ্রহ আরো সমৃদ্ধ হতে পারতো। তাদের শেষ পাঁচটি উইকেট পড়েছে মাত্র ১১ রানে।

চট্টগ্রামের সাব্বির খান ৫১ রানে পাঁচটি উইকেট লাভ করেন। এছাড়া ইয়াসির আরাফাত ৬১ রানে ও রায়হান উদ্দিন ৭৮ রানে প্রত্যেকে দু’টি করে উইকেট লাভ করেন।

চট্টগ্রাম দিনের বাকি দুই ওভার মোকাবেলা করলেও দলের সংগ্রহে কোন রান যোগ হয়নি।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে চারদিনের ম্যাচের প্রথম দিনে স্বাগতিক দলকে প্রথম ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট করে দিয়েছে সফরকারী রাজশাহী।

দলের পক্ষে নাদিফ চৌধুরী সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া আরাফাত সালাউদ্দিন ২৪, এম শাহীন ২৩ ও ইমরান আহমেদ ২২ রান করেন।

রাজশাহীর বোলার কামরুল ইসলাম ২৯ রানে ও আলমগীর কবির ৪৩ রানের বিনিময়ে প্রত্যেকে তিনটি করে উইকেট লাভ করেন। শাফাক আল জাবির ৩৬ রানে ও মুশফিকুর রহমান ৪২ রানে দু’টি করে উইকেট লাভ করেন।

দিন শেষে রাজশাহী তিন উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে। নাঈম ইসলাম ৭৭ ও ফরহাদ হোসেন ৪৬ রান করেছেন।

এদিকে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক ঢাকা সিলেটকে প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট করে দিয়েছে।

রেজাউল হক দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া গোলাম মওলা ২৫ ও রানা মিয়া ২১ রান করেন।

অবশ্য অতিরিক্ত হিসেবে ৪৫ রান যোগ না হলে সিলেটের সংগ্রহ আরো কম হতে পারতো।

তালহা জুবায়ের ৫৩ রানে তিনটি উইকেট লাভ করেন। এছাড়া আশরাফুল খান ১০ রানে ও মাহবুবুল আলম ৩৬ রানে দু’টি করে উইকেট লাভ করেন।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ঢাকা দুই উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে।