২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে চায় বাংলাদেশ

বন্দরনগরী চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের মাধ্যমে স্বাগতিক বাংলাদেশ সিরিজ জিততে চায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার শুক্রবার বলেন, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ জয়ের ব্যাপারে ছেলেরা আত্মবিশ্বাসী।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে চার উইকেটে হারানোর মাধ্যমে বাংলাদেশ সিরিজে ১-১ সমতা নিয়ে আসে। এর আগে একই মাঠে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দল সফরকারী দলের কাছে পাঁচ উইকেটে হার মানে।

শুক্রবারের অনুশীলন শেষে হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, পুরো সিরিজের ব্যাপারে ছেলেরা খুবই ইতিবাচক। একটি মাত্র বিজয়ে তারা সন্তুষ্ট নয়।

কোচ ডেভ হোয়াটমোরও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, শনিবারের ম্যাচে জয়ের জন্যে সবকিছুই আমাদের সাথে রয়েছে। দ্বিতীয় ম্যাচের মত খেলার জন্যে আমরা ব্যাপক চেষ্টা করবো।

তবে শ্রীলঙ্কার শক্তিমত্তার ব্যাপারে বাশারের দল সচেতন। অধিনায়ক বলেন, যদিও পিছিয়ে থেকে আমরা সিরিজে সমতা ফিরিয়ে এনেছি, তবু দ্বিতীয় ম্যাচে পরাজিত হওয়ার কারণে শনিবারের সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা আরো বেশি সচেতন হবে।

হোয়াটমোর বলেন, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ১৫ রান সংগ্রহ করেও শেষ পর্যন্ত তারা ২১২ রান করেছে। বাংলাদেশ দল তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছে।

তিনি বলেন, দ্বিতীয় ম্যাচের মত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এই তিন বিভাগেই আমাদের ভাল করতে হবে।

শনিবারের ম্যাচের জন্যে বাংলাদেশ দলে দু’টি পরিবর্তন এনেছে। ১২ সদস্যের দলে পেসার নাজমুল হোসেন ও ব্যাটসম্যান রাজিন সালেহর জায়গায় পেসার তাপস বৈশ্য ও অলরাউন্ডার মানজারুল ইসলাম রানা দলে ঢুকেছেন।

দলের পরিবর্তন সম্পর্কে বাশার জানান, শ্রীলঙ্কার বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে নাজমুলের কিছু সমস্যা রয়েছে। তাই আমরা তার স্থলে তাপসকে অন্তর্ভূক্ত করেছি।

‘আর বাহাতি স্পিন বোলিং ও ব্যাটিং সক্ষমতার জন্যে রানাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। বগুড়ার চেয়ে এ উইকেট অনেক বেশি শুকনো। শুকনো উইকেটে আব্দুর রাজ্জাক রাজ দ্রুত বল করে। আর তাই টিম ম্যানেজম্যান্ট তার চেয়ে রানাকেই ভাল মনে করেছে’।

উইকেট যে শুকনো এবং ক্রিকেটের জন্যে একটি ভাল উইকেট এ ব্যাপারে কোচ ও অধিনায়ক উভয়ই একমত হয়েছেন। তাদের মতে, এক্ষেত্রে টস বড় কোন ফ্যাক্টর হবে না। বাংলাদেশী টাইগারদের মূল লক্ষ্য হচ্ছে প্রথম ২০ ওভারে খুব বেশি উইকেট না হারানো।

বাংলাদেশ দল : হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ, জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস আহমেদ, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, অলোক কাপালী, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, এস কে রাসেল, মানজারুল ইসলাম রানা এবং তাপস কুমার বৈশ্য।