২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড-ফ্লু’র কারণে বিশ্বকাপ ফুটবল বাধাগ্রস্ত হবে না: ফিফা

জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে বার্ড-ফ্লু আতঙ্কের কারণে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন ফিফা’র ভাইস প্রেসিডেন্ট জুলিও গ্রোনদোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 09:51 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ফিফা’র ভাইস প্রেসিডেন্ট ও আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)’র প্রেসিডেন্ট গ্রোনদোনা বলেন, “বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট স্পন্সরসহ বিভিন্ন বিষয় ইতোমধ্যে বিক্রি হয়েছে। তাই বিশ্বকাপ ফুটবল স্থগিত করা যাবে না।”

তিনি আরও বলেন, “গত সপ্তাহে আমি জুরিখে ছিলাম এবং আমি কোথাও মুরগি বিক্রি করতে কিংবা খেতে দেখিনি। আমি মনে করি বার্ড-ফ্লু ইস্যুটি বিশ্বকাপ মুলতবি করার মত নয়।”

জার্মান অর্থমন্ত্রী মাইকেল গ্লসও জার্মানিতে বার্ড-ফ্লু ভাইরাস ধরা পড়ার কারণে বিশ্বকাপ বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ৩২ টি দেশ বিশ্বকাপ ফুটবল শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে।

এই সপ্তাহে জার্মানির বাল্টিক দ্বীপ রুগেনে বার্ড-ফ্লু ধরা পড়ার পর বিশ্বকাপ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিলেও জার্মান সরকার এর বিস্তাপর রোধে প্রয়োজনীয় সতর্কতা ব্যবস্থা নিয়েছে।

গ্রোনডোনা বলেন, “গত শুক্রবার ফিফা’র সর্বশেষ সভায় বিশ্বকাপ ফুটবল স্থগিত করার বিষয়ে কিছুই বলা হয়নি এবং কেউ এ ধরনের কোনও আশঙ্ক প্রকাশ করেননি।”