২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিজয়ে যুক্তরাজ্যে প্রবাসীদের মধ্যে আনন্দের ঢেউ

বাংলাদেশ- শ্রীলংকার মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বুধবার শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ৪ উইকেটের জয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সকালে সংবাদটি যখন প্রকাশ পায়, তখন ছাত্র, ওয়ার্ক পারমিটধারী এবং ব্যাবসায়ীসহ অনেক বাংলাদেশীই কাজে ব্যাস্ত থাকলেও এক মিনিটের আনন্দ পালনের জন্য কোন কিছুই তাদের থামিয়ে রাখতে পারেনি।

লন্ডনের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের এমএসসির শিক্ষার্থী আলী ইমরান বলেন, ‘আমি লন্ডনের হোয়াইট চ্যাপলের রয়েল হাসপাতালে কর্মরত ছিলাম। আমার একজন বন্ধু এসএমএস করে বাংলাদেশের বিজয়ের খবর জানায়। আনন্দের অতিশয্যে আমি ইয়াহু বলে চিৎকার করে উঠি। হাসপাতালের ডাক্তার, রোগী এবং নার্সরা আমাকে এভাবে দেখে মনে করে, আমি পাগল হয়ে গিয়েছি। আমি কারন ব্যাখা করলে- তারা আমাকে শুভেচ্ছা জানায়, যেন আমি জয়ী হলাম।

লন্ডনের বাংলা টাউন থেকে পাওয়া খবর জানায়, অধিকাংশ অফিস ও দোকানে ইন্টারনেটের মাধ্যমে খেলার খোঁজ রাখা হয় এবং ম্যাচ শেষে একে অপরকে অভিনন্দন জানান।

বাংলা টাউনের একটি কলেজের কর্মকর্তা মাহামুদ তানভীর বলেন, ‘বন্ধুদের মধ্যে মিষ্টি বিতরণ করে, রাতে আমরা বিজয় উৎসব পালন করব।

কেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ফাষ্ট বোলার সজল চৌধুরী বলেন, ‘আমি খুশী, খুব খুশী....’।

বার্মিংহামে বসবাসরত অধিকাংশ প্রবাসী বাংলাদেশীও এই বিজয়কে স্বাগত জানায়।

স্পার্কব্রুকে বসবাসরত বাংলাদেশী ব্রিটিশ নাগরিক মাহাবুবুর রহমান বলেন, ‘সর্বশেষ এক যুগে বন্যা ও বোমার কারনে বাংলাদেশের আর্ন্তজাতিক সংবাদ হওয়া দেখে আমি ব্যাথিত হয়েছি, কিন্তু আজ এক মহান দিন। একজন বাংলাদেশী হিসেবে আমি গর্ব অনুভব করছি।