২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট জায়ান্টদের হারানো এখন আর স্বপ্ন নয়

হোক না জয়টা এসেছে রাজধানী থেকে ২০০ কিলোমিটার দুর থেকে। তাতে কি, উৎসব পালনে বাধা কোথায়? জয় জয়ই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নিজেদের মাঠে এবার আর্ন্তজাতিক ম্যাচও হচ্ছে না। তারপরও বুধবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জয়ের পর রাজধানীর অধিকাংশ রাস্তাই চলে যায় ক্রিকেট পাগল রাজধানী বাসী, বিশেষ করে তরুণ আর কিশোরদের দখলে।

১১৭ তম ম্যাচে বাংলাদেশের ১১ তম জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবে গা ভাসানো এক তরুন জানালেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে তার যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। জেনে শুনেই হোক আর উত্তেজনা বশেই হোক অনেকের মনের কথা বলে দিলেন কি এই তরুণ?

আর্ন্তজাতিক ক্রিকেটে র‌্যাংকিংয়ের নীচের দিকের দল বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তানকে ধরাশায়ী করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে খুব একটা সুবিধে করতে পারেনি। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের স্বপ্নও পূরণ হলো।

ম্যাচে শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে বাংলাদেশ ১২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ২১৩ রান করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়।

বিকেলে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে আসে উদ্বেলিত তরুণদের আনন্দ মিছিল। ঘরে বসে যারা টেলিভিশনে খেলা উপভোগ করছিলেন, নেমে আসেন তারাও। আর রাস্তায় নেমেই জাতীয় পতাকা উড়িয়ে নেচে-গেয়ে আনন্দ করে রাজধানীর ক্রিকেট ভক্তরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল কবিরের মতে ক্রিকেটে বড় দলগুলোকে হারানোটা এখন আর আপসেট নয়। গুলশানের রাস্তায় আনন্দরত স্কুল ছাত্র কাজী আকিবের উচ্ছ্বাসটা আরও এককাঠি বেশি- ‘সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে চার উইকেটে জয়, এটা কোন আশ্চর্যজনক ঘটনা নয়। টাইগাররা এগিয়ে যাচ্ছে’।

আরেক তরুণ জানালেন, বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র ওয়েস্ট ইন্ডিজ ছাড়া সবগুলো দলের বিরুদ্ধেই জয় পেয়েছে বাংলাদেশ। ধীরে ধীরে আমরা উন্নতি করছি এবং টেস্টে বড় দলগুলোর বিরুদ্ধে জয় পাওয়াটা আর বেশি দুরে নয়।

দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা এবং থানা শহরগুলোতে উৎসব পালনের খবর দিয়েছেন আমাদের বিডিনিউজ প্রতিনিধিরা।

বিভিন্ন অফিস, দোকান আর চায়ের স্টলে সবার মুখে মুখে ছিল বাংলাদেশ দলের এই জয়ের কথা।

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বড় জয়ের এক বছর পরই টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে স্মরণীয় জয়টি পায় গত বছর জুনে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে টাইগাররা।