লড়াই করেই সিরিজে ফিরতে চায় বাংলাদেশ
সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজয়ের দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠে দ্বিতীয় ম্যাচে লড়াই করেই সিরিজে ফিরতে চায় বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বুধবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নেট প্র্যাকটিসের পর দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিলেন অধিনায়ক হাবিবুল বাশার। ‘সত্যিকার অর্থেই দ্বিতীয় ম্যাচটি কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’। অধিনায়ক আরও জানালেন, সোমবার প্রথম ম্যাচে তার দলের শুরুটা মোটেই ভালো হয়নি। কিন্তু পরের ম্যাচে নিজেদের সেরাটা খেলার ব্যাপারে আশা দেখালেন বাশার, পাশাপাশি প্রথম ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বস্ত করলেন অধিনায়ক।
যেহেতু সিরিজের দু’টি ম্যাচ এখনও বাকি, ফলে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ বাংলাদেশের সামনে এখনও রয়েছে বলে মনে করেন বাশার। অধিনায়ক আশা করছেন, প্রথম দশ ওভারে টপঅর্ডার ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকার ব্যাপারে আরও সচেতন হবেন।
৩৩ বছর বয়স্ক বাংলাদেশ অধিনায়ক বাশার বলেন, আমরা প্রথম ম্যাচে দশ ওভারের মধ্যেই বেশ কয়েকটি উইকেট খুইয়েছি, প্রথম দশ ওভারের মধ্যে উইকেট ধরে রাখার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে। দ্বিতীয় ম্যাচে আমাদের উইকেট ধরে রাখার পাশাপাশি ২০ ওভারে যতটুকু সম্ভব কম উইকেটের বিনিময়ে রান সংগ্রহ করতে হবে।
বাশার জানালেন, পরের ম্যাচেই ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করবেন জাভেদ ওমর আর ব্যাটিং অর্ডারে প্রমোশন হতে পারে অলক কাপালীর।
কোচ ডেভ হোয়াটমোরও কৌশল পরিবর্তন করতে চাচ্ছেন না। কোচের মতে টপ অর্ডার ব্যাটসম্যানদের আরও সতর্কভাবে ব্যাট চালাতে হবে। প্রথমেই মূল্যবান উইকেটগুলো হারাতে চান না কোচ।
অন্যদিকে প্রথম ম্যাচে পাঁচ উইকেটের সহজ জয়ের পরও বাংলাদেশকে হালকাভাবে দেখতে নারাজ প্রতিপক্ষ শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ‘কোন দলকেই আমরা দুর্বল ভাবি না। বাংলাদেশকে আমরা অস্ট্রেলিয়ার মতই মনে করি।’ অনুশীলনে জয়বর্ধনে এমনটাই বললেন।
এদিকে বাংলাদেশ দলে দু’টি পরিবর্তন আনা হয়েছে। ১২ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ মাহমুদ এবং আব্দুর রাজ্জাক রাজ। আর দলে জায়গা করে নিয়েছেন জাভেদ ওমর এবং পেসার নাজমুল হোসেন।
সোমবারই আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন খালেদ মাহমুদ।
বাংলাদেশ স্কোয়াড: জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, অলক কাপালী, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, এসকে রাসেল এবং নাজমুল হোসেন।
