বাংলাদেশ অ্যামেচার গল্ফ চ্যাম্পিয়নশিপ বুধবার থেকে শুরু হচ্ছে
বাংলাদেশ গল্ফ ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার থেকে রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে শুরু হচ্ছে কটন গ্রুপ ২১তম বাংলাদেশ অ্যামেচার গল্ফ চ্যাম্পিয়নশিপ (বিএজিসি)।
সেনাবাহিনী প্রধান এবং গলফ ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ চার দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন। কটন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহীন মাহমুদ ও বিজিএফ কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রথমবারের মত গল্ফ ফেডারেশন এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করছে। এর আগের সব প্রতিযোগিতাই কুর্মিটোলা গল্ফ ক্লাবের (কেজিসি) ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে। ২০ বছর আগে কেজিসি এ ধরনের প্রতিযোগিতার সূত্রপাত করে।
আর্ন্তজাতিক এই প্রতিযোগিতার দলগত ইভেন্টে ছয়টি দেশ অংশগ্রহন করবে বলে গল্ফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শফিকুজ্জামান জানিয়েছেন। অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে-ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশ।
এছাড়া টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে ১৩জন মহিলাসহ মোট ২০ জন গল্ফ খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ১৬ জনই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়। ফিলিপাইন, তুরস্ক, ফ্রান্স এবং হল্যান্ড থেকে একজন করে গল্ফ খেলোয়াড় অংশগ্রহন করবেন।
