২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে সিলেটের জয়, চট্টগ্রাম-বরিশাল ম্যাচ ড্র

ইস্পাহানী মির্জপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে খুলনার বিরুদ্ধে বড় জয় পেয়েছে সিলেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেট ১৪১ রানে হারায় স্বাগতিকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সিলেটের ছুঁড়ে দেওয়া ৪৪৫ রানের পাহাড়সম টার্গেটের পেছনে ছুটে আগের দিনের চার উইকেটে ১৩১ রানের সাথে শেষ দিন আরও ১৭২ রান যোগ করতে সক্ষম হয় খুলনা। ওপেনার নাজমুস সাদাত ৯৫ রান করেন। জাতীয় দলের বাদ পেসার হাসিবুল হোসেন শান্তু ৭১ রানে পাঁচ উইকেট দখল করেন। এছাড়া বিজয়ী দলের তাপস বৈশ্য ও সাদেকুর রহমান দু’টি করে উইকেট লাভ করেন।

অন্যদিকে ধানমন্ডি স্টেডিয়ামে চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচটি নি®প্রাণ ড্র হয়েছে। বরিশাল আগের দিনের সাত উইকেটে ৩১৯ রান নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন ৪০৬ রান করে অলআউট হয়। এর আগে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭১ রান করে।

চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ২৩৬ রান করে। ওপেনার নাফিস ইকবাল ১৭৯ বলে ২১টি বাউন্ডারি এবং একটি ছক্কার মাধ্যমে ১৩০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মাহমুদুল্লাহ ৮৪ রান করেন।