২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই ওয়ানডে সিরিজ শেষ করলো ভারত

শেষ পর্যন্ত ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের আশা পূরণ হলো। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আট উইকেটে বিশাল জয় নিয়ে ৪-১ এ সিরিজ জিতে ঘরে ফিরছে দ্রাবিড় বাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

মুলতানে চতুর্থ ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ আগেভাগে নিশ্চিত করে রেখেছিল ভারত। তারপরও ভারত দলপতি রাহুল দ্রাবিড়ের কাছে করাচির পঞ্চম ম্যাচটির গুরত্ব কোন অংশেই কম ছিলনা। কারণ সিরিজ জয়ের ব্যবধানটা বাড়াতে কে না চায়।

অন্যদিকে সম্পূর্ন বিপরীত অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের অধিনায়ক ইনজামাম। করাচিতে জিতে সিরিজ হারের ব্যবধানটা কমানোই ছিল তার উদ্দেশ্য। তবে এই ব্যবধান কমানো কিংবা বাড়ানোর লড়াইয়ে উতরে গেলেন ভারত অধিনায়ক। সৌরভের নেতৃত্বে পাকিস্তানের মাটিতে যে টেস্ট সিরিজ জিতেছিল ভারত, এবার রাহুলের নেতৃত্বে ভারত সেই সিরিজটিই পাকিস্তানের কাছে জমা দিয়ে দিয়েছে। আর তাই অন্তত ওয়ানডে সিরিজটা খুবই দরকার ছিল ভারতের।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান জয়ের জন্য ভারতের সামনে ২৮৭ রানের যে টার্গেট দাঁড় করিয়েছিল তাকে মোটামুটি চ্যালেঞ্জিংই বলা যায়। কিন্তু দ্রাবিড়, যুবরাজ আর মহেন্দ্র ধোনী সেই চ্যালেঞ্জিং স্কোরকেই একেবারে মামুলি বানিয়ে ম্যাচ ছিনিয়ে আনলেন।

গৌতম গম্ভীরকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬৯ রান করে দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দ্রাবিড়। গম্ভীর ৩৮ রান করে ইফতেখার আঞ্জুমের বলে আউট হয়ে গেলেও অধিনায়ক দ্রাবিড় অর্ধশত রান করে দলকে জয়ের পথ দেখিয়েছেন। ৮২ বলে ছয়টি চারে ঠিক ৫০ রান করে সামির বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে রাহুল বিদায় নিলে তার দেখিয়ে দেওয়া পথেই হেঁটেছেন যুবরাজ আর ধোনী।

পাকিস্তানি বোলারদের সব আক্রমন ভোঁতা করে দিয়ে এই দুই ব্যাটসম্যানই দলকে জয় এনে দেন। এর মধ্যে যুবরাজ আবার তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিও করে ফেলেন। রান করার ক্ষেত্রে দুজনই ছিলেন মারমুখী। বল খরচের তুলনায় রান তুলেছেন দ্রুতলয়ে। যুবরাজ অপরাজিত ১০৭ রান করার পথে বল খেলেছেন ৯৩টি, আর এতে ১৪টি বাউন্ডারিও রয়েছে। ধোনী ৫৬ বলে ছয়টি বাউন্ডারি এবং চারটি ছক্কায় ৭৭ রান করেন।

সকালে টসে জিতে বল হাতে নেমে পড়েন দ্রাবিড়। পাকিস্তানের শুরুটাও ছিল দুরন্ত। তারপরও টপ অর্ডারের ব্যর্থতায় দলের ভিত শক্ত করা সম্ভব হয়নি। তবে কমবেশি সবাই রানের দেখা পেয়েছেন। এর মধ্যে ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ ইউসুফ আর সহ অধিনায়ক ইউনিস খান। মূলত এই দুইজনের দৃঢ়তায়ই চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় পাকিস্তান।

ইউসুফ ৮৫ বলে ছয়টি চারে করেন ৬৭ রান। আর ৭৯ বলে তিনটি চার ও দু’টি ছক্কার মাধ্যমে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত থাকেন ইউনিস।

ভারতীয় পেসার শ্রী শান্থ ৫৮ রানে চার উইকেট তুলে নিয়ে ছিলেন সফল বোলার।