৮৫ বছর পর এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করলো লিভারপুল
ব্রিটেনের এনফিল্ডে পিটার ক্রুচের দুর্দান্ত গোলের সুবাদে লিভারপুল এফএ কাপ আসরে ৮৫ বছরের মধ্যে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে উঠেছে।
ম্যাচের ১৯ মিনিটের সময় পিটার ক্রুচের দুর্দান্ত মাপা হেড ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এই জয়ের ফলে ২০০১ সালের পর প্রথমবার লিভারপুল এফএ কাপের শেষ আটে জায়গা করে নিতে সর্মথ হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অপরদিকে রিবোকে বোল্টন ওয়ান্ডারার্স গোল শূন্য ড্র করেছে ওয়েস্ট হ্যামের সাথে।
ম্যাচের শেষ দিকে বোল্টনের ফরোয়ার্ড স্টেলিওস একটি গোল করে। কিন্তু অফ-সাইটের কারণ দেখিয়ে রেফারি তা বাতিল করে দেন।
ভ্যালিতে চার্লটন ৩-১ গোলে ব্রেন্টফোর্ডকে পরাজিত করেছে। এর ফলে এফএ কাপের শেষ আটে আর খেলার স্বপ্ন ভেঙ্গে গেল ব্রেন্টফোর্ডের।
ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় ড্যারেন বেন্ট গোল করে চার্লটনকে এগিয়ে নিয়ে যান। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে বোথরয়েড ফ্রি-কিক থেকে গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ৬২ মিনিটের মাথায় চার্লটনের পক্ষে শেষ গোলটি ব্রায়ান হুগিস করেন।
ব্রেন্টফোর্ডের পক্ষে একমাত্র সান্তনা গোলটি করেন রেনকিন।
