পঞ্চম স্থান নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করলো জুনিয়র টাইগাররা
পঞ্চম স্থান নিয়েই আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে শনিবার স্থান নির্ধারনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান লাভ করে জুনিয়র টাইগাররা।
প্রথম ব্যাট করে বাংলাদেশ সাকিব আল হাসান এবং মেহরাব হোসেন জুনিয়রের দু’টি চমৎকার হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৭৮ রান করে।
সাকিব ৬৩ বলে আটটি চারে সর্বোচ্চ ৬৭ রান করেন। আর মেহরাব ৮০ বলে পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কার মাধ্যমে ৬৬ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ এক পর্যায়ে ৬৬ রানে তিন উইকেট হারালেও চতুর্থ উইকেট জুটিতে সাকিব এবং শামসুর রহমান মূল্যবান ৮৫ রান যোগ করে দলের বিপর্যয় সামাল দেন। শামসুর ৩৫ রান করে কুরের থ্রোতে রান আউট হয়ে যান।
এরপর সপ্তম উইকেট জুটিতে মেহরাব হোসেন এবং সোহরাওয়ার্দী শুভ আরও ৮০ রান যোগ করলে লড়াই করার মত পুঁজি গড়ে উঠে। সোহরাওয়ার্দী শুভ ৪০ বলে তিনটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪২ রান করেন।
জবাবে স্বাগতিক দল মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায়। মেহরাব, শুভ এবং রেজাউল দু’টি করে উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন কুরে। এছাড়া প্রিয়াঞ্জন ২৬, ফার্নান্ডো ২১ রান করেন এবং পুষ্পকুমারা ২১ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ- ২৭৮/৮ (সাকিব ৬৭, মেহরাব ৬৬ নটআউট, শুভ ৪২, শামসুর ৩৫, মেহেদী ২১, অতিরিক্ত ১৭, করুনানায়েক ৪/৬৩)
শ্রীলঙ্কা- ১৮০/১০ (কুরে ৫৮, প্রিয়াঞ্জন ২৬, পুষ্পকুমারা ২১ নটআউট, ফার্নান্ডো ২১, করুনারত্নে ১৭, অতিরিক্ত ১৭, মেহরাব ২/১৩, শুভ ২/২১, রেজাউল ২/৩১)।
