ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ঢাকায় আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করার কারন জানতে চায় ‘ক্রিকেট পরিবার’
বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল এই মুহূর্তে দেশেই অবস্থান করছে।
সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে নতুন ভেন্যু বগুড়া এবং চট্টগ্রামে। দেশের মাটিতে এ পর্যন্ত যতগুলো সিরিজ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা কখনও আর্ন্তজাতিক ম্যাচশুন্য থাকেনি। এবারই এর ব্যত্যয় ঘটতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঢাকায় কোন ম্য্চা নেই। আর খুব স্বাভাবিকভাবেই বিষয়টি ক্রিকেটপ্রেমীদের মনে বিঁধছে শূলের মত।
এরই কারণ খুঁজতে একজোট হয়েছেন ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কেন ঢাকায় আর্ন্তজাতিক ম্যাচ আয়োজিত হলো না এবার? যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে এর সুষ্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ক্রিকেট পরিবার’র ব্যানারে বক্তারা এই দাবি জানান।
ক্রিকেট বোর্ডের সহ সভাপতি গাজী গোলাম দস্তগীর, বোর্ডের সাবেক পরিচালক এবং সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্থপতি মোবাশ্বের হোসেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, কোচ জালাল আহমেদ চৌধুরী, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, হাফিজুর রহমান জোয়ার্দার এবং ক্রিকেটার মাসুদুর রহমান মুকুল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আর্ন্তজাতিক ভেন্যু হিসেবে গত ৫০ বছর ধরে ঢাকা বিশ্বে পরিচিত, অথচ এবারই প্রথম ঢাকাবাসী আর্ন্তজাতিক ম্যাচের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে, এটা সত্যিই দুঃখজনক।
তিনি বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঢাকার জনগনের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু এবার তাদের সেই ভূমিকাকে সম্পূর্ন অগ্রাহ্য করা হয়েছে।
স্থপতি মোবাশ্বের জানান, ঢাকায় নতুন আর্ন্তজাতিক ক্রিকেট ভেন্যুর ব্যবস্থা না করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবলের কাছে হস্তান্তর করা ছিল একটি অপরিপক্ক সিদ্ধান্ত এবং সম্পূর্ন অসদুদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি বলেন, একজন স্থপতি হিসেবে আমি বলতে চাই, নির্দিষ্ট সময়ের মধ্যেই নারায়ণগঞ্জ এবং মিরপুর স্টেডিয়ামের নির্মানকাজ সমাপ্ত করা সম্ভব ছিল। আমরা এর আগে আড়াই মাসের মধ্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ক্রিকেট খেলার উপযোগী করে উদাহরন তৈরী করেছি।
মোবাশ্বের হোসেন বলেন, স্টেডিয়াম নির্মানের ক্ষেত্রে অর্থ কোন বিষয় নয়। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, অর্থই যদি প্রধান সমস্যা হতো তাহলে ক্রীড়া পরিষদের ২৪ তলা ভবন নির্মানের কাজ এত দ্রুত হয় কি করে? এক্ষেত্রে সমস্যা হচ্ছে সিদ্ধান্ত গ্রহনে। ঢাকায় আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করার কারণ সম্পর্কে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ঢাকায় ম্যাচ আয়োজন না করার ব্যাপারে কর্তৃপক্ষের কোন অনুশোচনা নেই, এটা সত্যিই বিস্ময়কর। এ জন্য তাদেরকে অবশ্যই ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রর্থনা করা উচিত।
সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং জাতীয় ফুটবলার টুটুল তার বক্তব্যে বলেন, বগুড়া, মাগুরা অথবা কুমিল্লার জনগনও তাদের ভেন্যুতে আর্ন্তজাতিক ম্যাচ দেখবে এটা আমরাও চাই, কিন্তু যেসকল অঞ্চলে ক্রিকেটারদের লালন-পালন হয় সেখানেই ক্রিকেট ম্যাচ আয়োজনে কর্তৃপক্ষের অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, এবার এমন একটা জেলায় আর্ন্তজাতিক ম্যাচ আয়োজন করা হয়েছে যেখানে ক্রিকেটের কোন উত্তেজনাই নেই।
দুর্জয় বলেন, সারাদেশে নতুন নতুন ক্রিকেট ভেন্যু গড়ে তোলাকে আমরাও সমর্থন করি, কিন্তু বহু স্মৃতি, আবেগ আর অভিজ্ঞতায় পুষ্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে কেন ক্রিকেট নির্বাসিত হবে? বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক উদাহরন টেনে বলেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও অনেক নতুন নতুন ভেন্যু তৈরী করেছে, কিন্তু অবশ্যই মেলবোর্ন অথবা লর্ডসকে বাদ দিয়ে নয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা তাদের দাবির প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচী ঘোষণা করেন। ঢাকায় আর্ন্তজাতিক ম্যাচ আয়োজন না করার ব্যাপারে মতামত জানতে আয়োজকরা ঢাকার সাবেক ও বর্তমান মেয়র এবং সংসদ সদস্যদের সাথেও দেখা করবেন। এর আগে সংগঠনটি একই দাবিতে গত বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং মানব বন্ধন করে।
সংবাদ সম্মেলন শুরুর আগে মরহুম ক্রীড়া সংগঠক মাহমুদুল হক মানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
