প্লে অফ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছে জুনিয়র টাইগাররা, লক্ষ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান
আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে অপ্রত্যাশিত বিদায়ের দুঃখ ভুলতে স্বস্তির এক জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টের কাপ পর্বের প্লে অফ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা।
বাংলাদেশ এখন আট দলের সুপার লিগে পঞ্চম অথবা ষষ্ঠ স্থানের জন্য লড়বে। তবে এই ম্যাচের প্রতিপক্ষ এখনও চুড়ান্ত হয়নি। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে বৃহস্পতিবার দ্বিতীয় প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী প্রতিদ্বন্দ্বি কে হবে।
বুধবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৬১ রানের জবাবে বাংলাদেশ ৩৩ দশমিক এক ওভারে ছয় উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ব্যাটিংয়ের শুরুতে ৪৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যে পড়লেও পঞ্চম উইকেট জুটিতে শামসুর রহমান এবং মেহরাব হোসেন জুনিয়র কার্যকর একটি পার্টনারশীপ গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। এই জুটিতে মূল্যবান ৭৭ রান সংগৃহিত হয়। শামসুর রহমান ৫০ বলে নয়টি চারের মাধ্যমে ৪৪ এবং মেহরাব জুনিয়র ৭১ বলে ছয়টি বাউন্ডারির মাধ্যমে ৩৫ রান করেন।
এরপর অধিনায়ক মুশফিকুর রহিম এবং সোহরাওয়ার্দী শুভ নিরাপদেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মুশফিকুর ১৮ এবং শুভ ছয় রানে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ান পেসার পাসকেল চারটি, ব্রুকস এবং রোচ একটি করে উইকেট লাভ করেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে ১৬১ রানে অলআউট হয়। বাংলাদেশের ডলার মাহমুদ, নাবিল সামাদ এবং সাকিব আল হাসান ক্যারিবিয়ানদের আটটি উইকেট ভাগাভাগি করে নেন।
আগের ম্যাচগুলোতে ডলার মাহমুদ তার নামের প্রতি সুবিচার করতে না পারলেও এই ম্যাচে তিনি সাত ওভার বল করে ৪৬ রান খরচায় প্রথম সারির তিনটি উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দেন। পরে ২৪ রানের বিনিময়ে আরও তিন উইকেট নিয়ে মিডল অর্ডার গুড়িয়ে দেন স্পিনার নাবিল সামাদ। দুই উইকেট নিয়ে প্রতিপক্ষের লেজটা মুড়ে দেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের রোচ এবং পাসকেল ২৯ রান করে সংগ্রহ করেন। এছাড়া জি সিং করেন ২৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ- ১৬১/১০ (রোচ ২৯ নট আউট, পাসকেল ২৯, সিং ২৪, ফ্লেচার ১৮, জনসন ১৪, নাবিল ৩/২৪, ডলার ৩/৪৬, সাকিব ২/৩২)
বাংলাদেশ- ১৬২/৬ (শামসুর ৪৪, মেহরাব ৩৫, মুশফিকুর ১৮ নটআউট, সাকিব ১৫, সিরাজুল্লাহ ১৪, অতিরিক্ত ২৩, পাসকেল ৪/৫৩)
