কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড
সফররত ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ভন ভারতের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাইয়ে নেয়ার উপর গুরুত্বারোপ করেছেন।
নাগপুরে ১ মার্চে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ইংল্যান্ড দল দু’টি অনুশীলন ম্যাচ খেলবে।
ক্রিসমাসের আগে পাকিস্তানের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ পরাজিত হবার কারণে বিপর্যস্ত ভনের দল হতাশা কাটিয়ে খেলায় ফিরে আসার চেষ্টা করছে।
ভন বলেন, এ সপ্তাহেই পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদেরকে ভাল সূচনা করতে হবে। কেননা, পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারার বিষয়টি হতাশাজনক।
তিনি বলেন, প্রত্যেককে দলে তাদের ভূমিকার কথা মনে রাখা জরুরি। প্রথম সপ্তাহটি সবসময়ই কঠিন। ভারতে নেট প্র্যাকটিসের সময় বোলিং করার জন্য প্রচুর বোলার পাওয়া যাবে। আসল কথা হচ্ছে প্রস্তুত হওয়া এবং খাপ খাইয়ে নেয়া।
হাঁটুর ইনজুরির কারণে ভন পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে খেলেননি। তবে ৩১ বছর বয়স্ক অ্যাসেজ জয়ী অধিনায়ক এখন পুরোপুরি ইনজুরিমুক্ত বলে জানা গেছে।
তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি দেশে আমি ভাল কাজ করেছি। আশা করছি সবকিছু ঠিক মত চলবে এবং ভাল স্কোর গড়তে পারব।
