অস্ট্রেলিয়ায় আবার খেলার বিষয়ে নিশ্চিত নন মুরলিধরন
শ্রীলংকার প্রধান স্পিন বোলার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দর্শকদের অবিরত উস্কানির প্রেক্ষিতে তিনি আবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি।
অস্ট্রেলিয়ায় শেষবারের মত খেলছেন কিনা এ সম্পর্কিত ইস্যুটি মুরলিধরন এড়িয়ে গেছেন।
শ্রীলংকার অস্ট্রেলিয়া সফর আবার দুই বছর পর। তাই ক্রিকেট খেলার জন্য আবার অস্ট্রেলিয়ায় ফিরে আসার সম্ভাবনা নাকোচ করে দিতে অসম্মতি জানিয়েছেন মুরলিধরন।
মুরলিধরন সোমবার রাতে সাংবাদিকদের বলেন, আগামী দুই বছরের মধ্যে আমরা যেহেতু এখানে আসছি না সে জন্য এর মাঝে কি ঘটবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই। এটা সম্ভব কিন্তু আমি এটা নিয়ে ভাবিনি। সবকিছু একই রয়েছে। কোন কিছুই বদলায়নি।
৩৩ বছর বয়স্ক মুরলিধরন তার দেশের পক্ষে অংশ নিয়ে ৫৮৪টি টেস্ট উইকেট ও চার শতাধিক ওয়ানডে উইকেট পেয়েছেন।
বোলিংয়ের সময় তার ডানহাতে হাতের কনুই আন্তর্জাতিকভাবে অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বাঁকে না- এটা প্রমাণ করার জন্য মুরলিধরন চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে পার্থে একটি বোলিং অ্যাকশন বিষয়ক টেস্টে অংশ নেন।
তারপরও দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক দলকে নিয়ে তিনজাতির ভিবি সিরিজে মুরলিধরন যতবারই বোলিং করতে এসেছেন ততবারই অস্ট্রেলিয়ার ক্রিকেট-দর্শকরা তাকে লক্ষ্য করে চাকার ও ‘ নো বল’ বলে চিৎকার করেছেন।
এদিকে একদিনের তিনজাতি ক্রিকেটে দর্শকদের উস্কানির কারণে অস্ট্রেলিয়ায় না খেলতে শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মুরলিধরনের প্রতি আহ্বান জানিয়েছেন।
