২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজ আর ধোনীর কাছেই হেরে গেল পাকিস্তান

গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হওয়ার আগের দিন পাকিস্তানের অধিনায়ক ইনজামাম বলেছিলেন, জিততে হলে কঠিন পরিশ্রম করতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পরিশ্রম হয়েছে ঠিকই, কিন্তু শেষ দিকে বোলারদের বাজে বোলিং আর ধোনী-যুবরাজের ম্যাচ জেতানো পার্টনারশীপে ম্যাচ চলে গেছে ভারতের কব্জায়। লাহোরে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ গিয়ে গেছে ভারত।

পাকিস্তানের আট উইকেটে ২৮৮ রানের জবাবে ভারত ১৪ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ২৯১ রান করে জয় তুলে নেয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুলতানে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে চর্তুথ ওয়ানডে।

দলীয় ১২ রানে ওপেনার গৌতম গম্ভীর এবং নাইটওয়াচম্যান ইরফান পাঠান সাজঘরে ফিরে গেলেও শচীন টেন্ডুলকার, মিডল অর্ডারে যুবরাজ সিং এবং মহেন্দ্র ধোনীর তিনটি হার না মানা হাফ সেঞ্চুরির সুবাদে অনায়াস জয় পায় ভারত।

এরপর ৮৪ রানে অধিনায়ক রাহুল দ্রাবিড় (২২) উমর গুলের দুর্দান্ত থ্রোতে রানআউট হয়ে গেলে ইনিংস মেরামতের দায়িত্বটা এসে পড়ে টেন্ডুলকার এবং যুবরাজের ওপর। চতুর্থ উইকেট জুটিতে এরা দু’জনে ১০৫ রান তুলে দলকে মোটামুটি নিরাপদ অবস্থানে নিয়ে যান। টেন্ডুলকার তার চল্লিশতম ওয়ানডে সেঞ্চুরি থেকে পাঁচ রান দুরে থাকতে আব্দুল রাজ্জাকের বলে বদলী ফিল্ডার ইমরান ফারহাতের ক্যাচ তুলে দেন। এক রান পর ফিরে যান মোহাম্মদ কাইফ (০)।

এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ধোনী এবং যুবরাজ যা করেছেন তার ঋণ অনেকদিন শোধ করতে পারবে না ভারত। ম্যাচের ভাগ্য তখনও অনেকটা পাকিস্তানের দিকেই ঝুঁকে ছিল। সেখান থেকে ১০২ রান যোগ করে ম্যাচ বের করে নিয়ে যাওয়াটা কঠিন ছিল বৈকি। ধোনী আর যুবরাজ সেই কঠিন কাজটাকেই সহজ করে তোলেন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে।

পরে নেমেও যুবরাজের চাইতে বেশি মারমুখী ছিলেন ধোনী। ৪৬ বলে ১৩টি চারের সাহায্যে দ্রুততার সাথে পৌঁছে যান তার পঞ্চম ওয়ানডে ফিফটিতে। এর আগে যুবরাজও অবশ্য হাফ সেঞ্চুরি পূরণ করেন। যুবরাজ ৮৭ বলে দশটি চারের সহায়তায় ৭৯ এবং ধোনী ৭২ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন। ম্যাচ জেতানো ইনিংসটির জন্য পরে ম্যাচ সেরার পুরস্কারও পান ধোনী।

এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুতে ব্যক্তিগত ১২ রানের মাথায় থার্ড স্লিপে গৌতম গম্ভীরের বদান্যতায় একবার ‘লাইফ’ পান পাক অলরাউন্ডার শোয়েব মালিক। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রথম দুই ম্যাচে হয়েছিলেন নার্ভাস নাইনটির শিকার (যথাক্রমে ৯০ এবং ৯৫)। কিন্তু এবার আর ভুল হয়নি। সেঞ্চুরি তুলে নিয়েছেন আত্মবিশ্বাসের সাথে। সেই সাথে তার দল ভারতীয় বোলারদের সাঁড়াশি আক্রমন সত্তে¡ও সম্মান জনক স্কোর গড়তে সক্ষম হয়।

মিডল অর্ডারে আরেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আরেকটি কার্যকর হাফ সেঞ্চুরি করলে লড়াই করার মত পুঁজি জমা হয় পাকিস্তানের হাতে। শোয়েব মালিক ১২০ বলে ১১টি বাউন্ডারি আর একটি ছক্কার মাধ্যমে ১০৮ রান করে আউট হয়ে গেলেও রাজ্জাক কিন্তু ৬৪ রানে অপরাজিত থেকে যান। ৫৬ বলে সাজানো রাজ্জাকের ইনিংসে সাতটি চার এবং দু’টি ছক্কাও ছিল।

দিবারাত্রির ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে ঠেলে দেন ভারত দলপতি রাহুল দ্রাবিড়। আর পাকিস্তান ব্যাট হাতে যে সূচনা করে তাকে শুধু দুঃস্বপ্নের সূচনার সাথেই তুলনা করা চলে। ইরফান পাঠানের আগুন ঝরানো বোলিংয়ে ৩৯ রানেই সাজঘরে ফেরেন উদ্বাধনী ব্যাটসম্যান সালমান বাট এবং টেস্টে ব্যাট হাতে ভারতীয়দের ঘুম হারাম করে দেওয়া শহিদ আফ্রিদি।

সালমান প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেও পরপর দুই ম্যাচে শুন্যরানে আউট হলেন। আর আফ্রিদির ব্যাট যেন টেস্টের পর ভাষাই হারিয়ে ফেলেছে। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৭ ও ১৮ রান করার পর এ ম্যাচে আউট হলেন ১৯ রানে।

তৃতীয় উইকেট জুটিতে কামরান আকমল এবং শোয়েব মালিক লড়াইয়ের আভাস দেন। কিন্তু ৩৬ রান যোগ হওয়ার পর কামরান আকমলও (৩৪) প্যাভিলিয়নের পথে হাঁটলেন। মালিকের সাথে জুটি বাঁধেন মোহাম্মদ ইউসুফ। এক রান নিয়ে ওয়ানডেতে সাতহাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন। কিন্তু এই সাত হাজার রান তার জন্য অপয়া হয়ে গেল কিনা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইউসুফ ভক্তদের। কারণ মাইলফলকে পৌঁছার পরই আরপি সিংয়ের বলে উইকেটের পেছনে ধোনীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নির্ভরযোগ্য এই পাক ব্যাটসম্যান।

অধিনায়ক ইনজামাম এবং রান মেশিন ইউনিস খানও ১৬ রান করে সংগ্রহ করে আউট হয়ে গেলে মারাত্মক বিপর্যয়ের আশংকা দেখা দেয়। দলের রান তখন ১৫৮। কিন্তু এই আশংকা থেকে দলকে উদ্ধার করে সপ্তম উইকেট জুটি। উইকেটে আসেন আব্দুল রাজ্জাক। অন্যপ্রান্তে শোয়েব তখন ধীরে ধীরে সেঞ্চুরির পথে হাঁটছেন। উইকেটে এসেই ঝড় তোলেন রাজ্জাক। দু’জনে মিলে মূল্যবান ৮৬ রান যোগ করেন স্কোর বোর্ডে। আর এই জুটির কল্যানেই ৫০ ওভারে আট উইকেটে মান বাঁচানো ২৮৮ রান করতে সক্ষম হয় পাকিস্তান।

পাকিস্তানের আট উইকেটের ছয়টিই ভাগাভাগি করে নিয়েছেন ইরফান পাঠান এবং আরপি সিং। পাঠান এবং সিং যথাক্রমে ৪৯ এবং ৫১ রান খরচায় তিনটি করে উইকেট তুলে নেন।