২১ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয় করতে চান মাইকেল ভন
ইংল্যান্ডের দলনায়ক মাইকেল ভন চান, তার দল যেভাবে অ্যাশেজ সিরিজ জয় করেছে একইভাবেই ২১ বছর পর ভারতের মাটিতেও সিরিজ জয় করতে।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ জয় করলেও পাকিস্তান সফরে ওয়ান ডে ও টেস্ট সিরিজে পরাজিত হয় ইংল্যান্ড।
মাইকেল ভন বলেন, “অস্ট্রেলিয়াকে পরাজিত করে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এ বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জিং সিরিজ রয়েছে। তবে তার আগে আমাদের অবশ্যই ভারতের বিরুদ্ধে ভাল করতে হবে ।”
তিনি আরও বলেন, “পাকিস্তান সফরে আমরা আমাদের ব্যর্থতা নিয়ে আলোচনা করছি।”
পাকিস্তান সফরে প্রথম টেস্টের পরই হাঁটুর ইনজুরিতে পড়েন ইংলিশ কাপ্তান মাইকেল ভন এবং অস্ত্রোপচার করার জন্য সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, “ভারতের মাটিকে ভারতের রেকর্ড দেখলেই বোঝা যায় এবারের সিরিজটি বেশ কঠিন হবে।”
১৯৮৪-৮৫ সালে ভারতের মাটিতে শেষবার টেস্ট সিরিজ জয় করে ইংল্যান্ড।
স্পিন বোলিং সম্পর্কে ভন বলেন, “স্পিন বোলিং মোকাবেলা করা ক্রিকেট খেলায়ই অংশ। জাইলস দলে না থাকায় তার অভাব আমরা অনুভব করবো। তিনি আমাদের সবচেয়ে অভিজ্ঞ স্পিন বোলার এবং ভারত সফরে স্পিনারাই সাধারনত ভাল করেন। তার অনুপস্থিতিতে ইয়ান ব্ল্যাকওয়েল, মন্টি পানিসার কিংবা শন উদালের জন্য সুবর্ণ সুযোগ নিজেদের প্রমাণ করার।”
ভারত সফরে ইংল্যান্ড তিন টেস্টে এবং সাতটি ওয়ান ডে ম্যাচ খেলবে। ১ মার্চ নাগপুরে প্রথম টেস্ট শুরু হবে।
