২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে বেস্ট অব থ্রি’র ফাইনালে সমতা ফেরালো অস্ট্রেলিয়া

ভিবি সিরিজের দ্বিতীয় ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বেস্ট অব থ্রি’র ফাইনালে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। সেইসাথে শেষ ফাইনালটি সত্যিকার অর্থেই ফাইনালে পরিনত হলো। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটে ৩৬৮ রানের জবাবে শ্রীলঙ্কা ২০১ রানে অল আউট হয়ে গেলে ১৬৭ রানের বিশাল জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

টসে জিতে ব্যাটিং করতে নেমে দশ রানের মধ্যে তিন ফ্রন্টলাইন ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ে স্বাগতিকরা। লঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস তার প্রথম ওভারের দ্বিতীয় বলেই হার্ডহিটিং উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের মূল্যবান উইকেটটি তুলে নেন। অস্ট্রেলিয়ার দলীয় রানের ঘর তখনও শুন্য।

এরপর ভাস তার তৃতীয় ওভারের প্রথম ও শেষ বলে যথাক্রমে ক্যাটিচ এবং ডেমিয়েন মার্টিনকে সাজঘরে ফেরতে পাঠান, ব্যস ওই পর্যন্তই।

এরপর যা ঘটেছে তাকে বোলারদের নিয়ে শুধুমাত্র ছেলেখেলার সাথেই তুলনা করা চলে। চরম বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং অধিনায়ক রিকি পন্টিং। বিপদের সময় পন্টিংয়ের ব্যাট ঝলসে ওঠার প্রমাণ এর আগে বহুবার পেয়েছে ক্রিকেটবিশ্ব, আর সাইমন্ডস যে খুনে ব্যাটিং করেন সেটাও সবার জানা। এবারও তার ব্যতিক্রম হয়নি। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ২৩৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে নিয়ে পাহাড়সম উচ্চতায়। দু’জনই করেন সেঞ্চুরি।

পন্টিং আর সাইমন্ডস বেধড়ক পিটিয়েছেন লঙ্কান বোলারদের। ফলে বেশিরভাগ সময়ই ফিল্ডারদের দেখা গেছে বাউন্ডারি লাইনের কাছে ঝাঁপাঝাঁপি করতে। দলীয় ২৪৭ রানে পেরেরার বলে পন্টিং আউট হয়ে গেলে মনে হচ্ছিল এবার বুঝি অস্ট্রেলিয়ার রানের গতি কমে আসবে। কিন্তু সবার সেই ধারনা ভুল প্রমাণ করে ঝড়োগতিতে ব্যাট চালাতে থাকেন সাইমন্ডস এবং মাইকেল ক্লার্ক।

পন্টিং ১২৭ বলে নয়টি চার এবং তিনটি ছক্কার মাধ্যমে ১২৪ রান (১৯তম ওয়ানডে সেঞ্চুরি) করে মিড অফে ভাসের হাতে ধরা পড়েন।

সাইমন্ডস পঞ্চম উইকেট জুটিতে মাইকেল ক্লার্ককে নিয়ে তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যান। এই জুটিতে রান ওঠে ৭৩ । শেষ পর্যন্ত ভাসের বলে সাইমন্ডসের ইনিংসের যবনিকা ঘটে। দলীয় ৩২০ রানে সাইমন্ডস যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার নামের পাশে লেখা হয়ে গেছে ১৫১ রান, রীতিমত খুনে সেঞ্চুরি। আর এই রান করতে ১২৭ বলের সহায়তায় ১৩টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা হাঁকান।

মাইকেল ক্লার্ক ঝড়ো গতিতে ব্যাট করে মাত্র ২৮ বলে ছয়টি চারে ৫৪ রান করে অপরাজিত থাকেন।

বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই বিশাল রান তাড়া করে জেতাটা সত্যিকার অর্থেই বিশাল ব্যাপার। অন্য অর্থে অসম্ভবও। তাই শ্রীলঙ্কার হারটা হয়েছে যথারীতি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অতিথিরা। তবে এর মধ্যেই দু’টি হাফ সেঞ্চুরি এসেছে জয়বর্ধনে এবং রাসেল আরনল্ডের ব্যাট থেকে।

জয়বর্ধনে ৪৮ বলে ৫০ রান করে ব্রাড হগের বলে বোল্ড হয়ে গেলেও আরনল্ড কিন্তু ৬৪ রানে অপরাজিত থেকে যান। ৬২ বলে সাজানো আরনল্ডের ইনিংসে ছয়টি বাউন্ডারি এবং একটি ছক্কাও ছিল।

ছয় ওভার বল করে ৩০ রানে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ধসিয়ে দেন নাথান ব্রাকেন। এছাড়া ব্যাটিংয়ের পর বল হাতেও খড়গহস্ত ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ৩২ রান খরচায় দু’টি উইকেট তুলে নেন এই অসি অলরাউন্ডার। আর এরকম পারফরম্যান্সের পর তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা দিতে কোন বেগ পেতে হয়নি বিচারকদের।