এএফসি প্রতিনিধি দল রোববার ঢাকা আসছেন
বাংলাদেশে এএফসি চ্যালেঞ্জ কাপ আয়োজনকে সামনে রেখে এশিয়ান ফুটবল কনফেডারেশনের চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রোববার ঢাকা আসছেন।
প্রতিনিধি দলে রয়েছেন এএফসির মার্কেটিং ম্যানেজার মরক্কোর এল আমরানি হিশাম, দক্ষিণ কোরিয়ার পিয়ুং সিক পার্ক, মিডিয়া ম্যানেজার ভারতের রামরত্নম রবিকুমার এবং চেতন কুলকার্নি।
চ্যালেঞ্জ কাপে বাংলাদেশে যেসব খেলা অনুষ্ঠিত হবে এএফসি সেসব ম্যাচের জন্য সরাসরি স্পন্সর নিয়োগ করবে। স্পন্সরশীপের জন্য তারা ইতমধ্যে ছয় থেকে সাতটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকাও চুড়ান্ত করেছে বলে বিডিনিউজকে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চ্যালেঞ্জ কাপের বি এবং সি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এ এবং ডি গ্রুপের খেলা নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানকার অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এএফসিও নেপালের ম্যাচগুলো অন্য দেশে স্থানান্তর করতে চাইছে।
এএফসির ইভেন্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিন বিন আবু বকর ইতমধ্যে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন ভেন্যু এবং হোটেল পরিদর্শন করে গেছেন। নেপালের ম্যাচগুলো বাংলাদেশে স্থানান্তর করা হলে সেগুলো চট্টগ্রামে আয়োজন করা হবে বলে জানিয়েছেন হেলাল।
ঢাকা এবং চট্টগ্রামের সুবিধাদি পরিদর্শন করতে ২১ ফেব্রুয়ারি এএফসির ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স সুশিও আসবেন। তাছাড়া চুড়ান্ত পরিদর্শনের জন্য ১২ মার্চ পুনরায় বাংলাদেশ সফর করবেন সাইফুদ্দিন।
চ্যালেঞ্জ কাপের এ এবং ডি গ্রুপের ম্যাচ আয়োজেনর জন্য সিঙ্গাপুর, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে আমন্ত্রন জানানো হলেও সিঙ্গাপুর নিজেদের ঘরোয় সূচীর ব্যস্ততার জন্য আমন্ত্রন ফিরিয়ে দিয়েছে।
বাংলাদেশ টুর্নামেন্টের সি গ্রুপে ফিলিস্তিন, কম্বোডিয়া এবং গুয়ামের বিরুদ্ধে খেলবে। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং ব্রুনাই। এ গ্রুপের চার দল হচ্ছে ভারত, চাইনীজ তাইপে, ফিলিপাইন, আফগানিস্তান। ডি গ্রুপের প্রতিদ্বন্দ্বি দলগুলো হচ্ছে- তাজিকিস্তান, কিরঘিজিস্তান, পাকিস্তান এবং ম্যাকাও।
