পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত
টেস্ট সিরিজ হারানোর পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। একটা জয়ই কেবল পারতো দ্রাবিড়ের দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে।
শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে এসে সেই টনিক জয়ের সন্ধান পেল ভারত। পাকিস্তানকে সাত উইকেটে বিধ্বস্ত করার পাশাপাশি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতাও ফেরালো ভারত।
পাকিস্তানের ২৬৫ রানের জবাবে ভারত ৪৩ দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
শুরুর দিকে ৬৮ রানে চার উইকেট হারালেও সার্বিকভাবে এই্ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং যে খারাপ হয়েছে তা কিন্তু বলা যায়না। টস জিতে পাক অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও স্কোর বোর্ডে রানের ঘরে কোন অংক বসার আগেই প্যাভিলিয়নে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট। সালমানের সঙ্গী সিরিজে রানের মধ্যে থাকা উইকেটরক্ষক কামরান আকমলও (১৪) দলীয় ৪৩ রানে আউট হয়ে যান। আর শুরুতেই দু’টি দামী উইকেটই তুলে নেন পেসার ইরফান পাঠান। শেষে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও পেয়েছেন পাঠান।
পাকিস্তানের ভরসা করার মত দু’টি ব্যাট ছিল মোহাম্মদ ইউসুফ এবং অধিনায়ক ইনজামাম উল হকের হাতে। কিন্তু পিন্ডির দর্শকদের নিরব করে দিয়ে দু’জনই অল্প সংগ্রহে ফিরে গেলে পুরো চাপটা এসে পেড়ে মিডল অর্ডারের ওপর। এতো গেল একপ্রান্তের কথা, অপর প্রান্তে কিন্তু তখন ধীরে ধীরে নিজেকে থিতু করে নিয়েছেন শোয়েব মালিক। সাথে ছিলেন সহ অধিনায়ক পাকিস্তানের রান মেশিন ইউনিস খান।
৬৮ থেকে দলের রানকে দু’জনে মিলে ১৭০ রানে নিয়ে যান। পঞ্চম উইকেট জুটিতে মূল্যবান ১০২ রান যোগ হয়। তবে সেঞ্চুরির কাছে এসে আউট হয়ে যাওয়াটা যেন নিয়ম করে নিয়েছেন শোয়েব। ১১০ বলে ১৩টি চারে ৯৫ রান করে শ্রীশান্থ - ধোনী কম্বিনেশনে রান আউটের খাড়ায় পড়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।
এরপর আর কোন ব্যাটসম্যানই ঘুরে দাঁড়াতে পারেননি। ইউনিস খান ৯৮ বলে নয়টি চারের মাধ্যমে ৮১ রান করে আগারকারের শিকারে পরিনত হন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ভারতীয় উদ্বোধনী জুটি বীরেন্দ্র শেওয়াগ এবং শচীন টেন্ডুলকার। এই জুটির ১০৫ রানেই দলের জয় অনেকটা নিশ্চত হয়ে যায়। টেন্ডুলকার হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও শেওয়াগ ঠিকই তারটি আদায় করে নিয়েছেন। টেন্ডুলকার ৪৩ বলে ৪২ এবং শেওয়াগ ৬০ বলে ৬৭ রান করেন।
শেওয়াগ এবং রাহুল দ্রাবিড়ের দ্বিতীয় উইকেট জুটি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। টেন্ডুলকারের আউটের পর ১৮ রান উঠতেই ফিরে যান শেওয়াগ। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে যুবরাজ সিংকে সাথে নিয়ে দলকে জয় এনে দেন দ্রাবিড়। এই জুটিতে রান ওঠে ১১৩। দ্রাবিড় ৬১ বলে পাঁচটি চারের মাধ্যমে ৫৬ করে আউট হয়ে গেলেও যুবরাজ সিং ৮৯ বলে আটটি চার এবং দু’টি ছয়ে ৮২ রান করে অপরাজিত থেকে যান।
