২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্নভঙ্গ

আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিতে খেলা হলো না বাংলাদেশের। কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে ইল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফেবারিট বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বাংলাদেশের ১৫৫ রানের জবাবে ইংল্যান্ড পাঁচ উইকেটে ১৫৬ রান করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ঘটনাটা বজ্রাহত হওয়ার মতই। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে কলম্বো উড়ে গিয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন জুনিয়র টাইগাররা। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনায়াস জয়, টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং উগান্ডাকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া সবকিছুই ছিল ফেবারিটদের মত। অথচ এই ইংল্যান্ড দলটিই কিছুদিন আগে (নভেম্বরে) বাংলাদেশ সফরে এসে একপ্রকার তুলোধুনোই হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে হারের শতভাগ রেকর্ড নিয়ে ফিরে গিয়েছিল ইংলিশরা।

আসলে বাংলাদেশ যেভাবে ম্যাচ হেরেছে তাকে দুর্ভাগ্য ছাড়া আর কিই বা বলা যেতে পারে। বাংলাদেশ সফরে বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াডের ব্যানারে অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের অনুশীলন সিরিজে হোয়াইটওয়াশ, তিনজাতি সিরিজে (ডিসেম্বরে) বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে তিনটি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি, মোট ছয়টি ম্যাচে হারে ইংলিশ দল। সেই একই দলের বিরুদ্ধে পাঁচ উইকেটের হার, মেনে নিতে কষ্ট হয়। তবে একটাই পাওয়া, ১৯৮৭-৮৮ (অস্ট্রেলিয়া) টুর্নামেন্টের যাত্রার শুরুর পর এবারই প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ দলের যে জায়গাটা বেশি ভুগিয়েছে, সেই টপ অর্ডার এবারও যথারীতি ব্যর্থ হয়েছে দলকে ভালো ভিত্তি গড়ে দিতে। দলীয় সাত রানে প্রথম উইকেটের পতন, ৬৯ রানে পঞ্চম উইকেটের পতন এবং ৮৬ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট উধাও, এই হলো বাংলাদেশ যুবাদের ব্যাটিংয়ের চিত্র।

মিডলঅর্ডারে অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ২৭ রান করেন। গত তিন ম্যাচ ধরে তিনিই তো দলের ত্রানকর্তা। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে অতিরিক্ত থেকে। এছাড়া শামসুর রহমান করেন ২২ রান।

ইংল্যান্ডের সব বোলারই উইকেট পেলেও মূল ধ্বংসযজ্ঞটা চালান মুলানি এবং মিলার। এই ‘এম’ জুটিই তুলে নেন বাংলাদেশের পাঁচটি উইকেট। মুলানি ছয় ওভার বল করে মাত্র ২৬ রানে তিনটি এবং মিলার ২৪ রানে দু’টি উইকেট লাভ করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড ১২ রানের মধ্যে স্টোনম্যানকে হারালেও অধিনায়ক বরুণ চোপড়া এবং সুপার সাব নেলসনের ব্যাটিংয়ে বিপর্যয়ের ছায়া পড়েনি দলের উপর। দ্বিতীয় উইকেট জুটিতে এই দু’জন ৫২ রান যোগ করেন। চোপড়া ৪০ এবং নেলসন ৩২ রান করেন।

এরপর তৃতীয় উইকেট জুটিতে আলী (২৪) এবং হ্যামিলটন ব্রাউন (২৩ অপরাজিত) আরও মূল্যবান ৫৬ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এছাড়া মুলানিও ১৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ এবং মেহরাব হোসেন জুনিয়র দু’টি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ১৫৫/১০ (তামিম ২, রাকিবুল ১৪, সাকিব ১০, শামসুর ২২, মেহরাব ১১, মুশফিকুর ২৭, সোহরাওয়ার্দী ১৮, ইশরাক ৮, সিরাজুল্লাহ ১৭, রেজাউল ০, নাবিল ১, অতিরিক্ত ২৫, মিলার ২/২৪, মুলানি ৩/২৬)

ইংল্যান্ড- ১৫৬/৫ (চোপড়া ৪০, স্টোনম্যান ২, নেলসন ৩২, আলী ২৪, হ্যামিলটন ব্রাউন ২৩ নটআউট, রাইট ৪, মুলানি ১৫ নটআউট, অতিরিক্ত ১৬, নাবিল ১/২৭, মেহরাব ২/৩৩, সোহরাওয়ার্দী ২/২৫)।