দিলশানের ফিল্ডিংয়ের কাছে অস্ট্রেলিয়ার হার
তিলকরত্ম দিলশানের চার রান আউট ও এক ক্যাচের কল্যাণে ভিবি সিরিজের বেস্ট-অব-থ্রি ফাইনালের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে শুক্রবার ২২ রানে হারিয়েছে শ্রীলংকা।
কুমারা সাঙ্গাকারার ৮৩ ও অধিনায়ক মারভান আতাপাত্তুর ৫৩ রানের সুবাদে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে।
অবশ্য শ্রীলংকার প্রথম সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পা রাখতে সমর্থ হয়েছেন।
চামারা কাপুগেদারা তিনটি বিশাল ছক্কার সুবাদে মাত্র ২১ বলে ৩৮ রান করেন। রাসেল আর্নল্ড ২৪, সনাথ জয়সুরিয়া ২৫, দিলশান ২৬ ও জয়বর্ধন ১১ রান করেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান ব্রাকেন ৬১ রানে তিনটি ও ক্লার্ক ৪৮ রানে দু’টি উইকেট লাভ করেন।
সাইমন্ডস ১০ ওভারে ৬৬ রান দিয়ে একটি মাত্র উইকেট পেলেও শ্রীলংকার চারজন ব্যাটসম্যানকে রানআউট করেছেন।
জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাইকেল ক্লার্কের সংগ্রামী ৮০ রান সত্ত্বেও অস্ট্রেলিয়া তাদের ইনিংসের শেষ ওভারে অলআউট হওয়ার আগে ২৫২ রান সংগ্রহ করে।
দিলশান অসি অধিনায়ক রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন, সাইমন কাটিচ ও মাইক হাসিকে রানআউট ও জেমস হোপসকে ক্যাচআউট করেন।
কাটিচের সাথে রানিং বিটুইন দ্যা উইকেটে ভুল বোঝাবুঝির কারণে পন্টিং শূন্য রানে রানআউট হয়ে যান। এরপর পয়েন্ট থেকে দিলশানের সরাসরি থ্রোতে মার্টিন রানআউট হন। মার্টিনের সংগ্রহ এক।
মালিঙ্গা বান্দারার একটি বল মিডউইকেটে ঠেলে দিয়ে রান নেয়ার চেষ্টা করলে এ যাত্রায়ও ফিল্ডার দিলশানের দ্রুত থ্রোতে রানআউট হয় কাটিচ (৫৬)।
আর মুরলিধরন যখন ক্লার্কের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদনে ব্যস্ত তখন অপরপ্রান্তের ব্যাটসম্যান মাইক হাসি (১৬) রান আউট। এবারও ফিল্ডার দিলশান।
এছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান গিলক্রিস্ট ২৬ রান করেন।
স্পিনার মুত্তিয়া মুরলিধরন ৪০ রানে তিনটি উইকেট লাভ করেন।
১৯৯৮ সালের পর এই প্রথমবারের মত বেস্ট-অব-থ্রির ফাইনালের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত হল।
