জাতীয় ক্রিকেটে ঢাকা ও রাজশাহীর জয় অব্যাহত, বরিশালের প্রথম জয়
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডেতে প্রথম জয়ের স্বাদ নিয়েছে বরিশাল বিভাগ। নিজেদের মাঠে বুধবার বরিশাল ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে সিলেটকে।
এদিকে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাশার পাশাপাশি ওয়ানডের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা এবং রাজশাহী।
ধানমন্ডি স্টেডিয়ামে ঢাকা ছয় উইকেটে খুলনাকে এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা ১৫ রানে হারিয়েছে চট্টগ্রামকে।
চতুর্থ রাউন্ডের খেলা শেষে আট পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা এবং রাজশাহী। খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটের সংগ্রহ দুই পয়েন্ট।
ঢাকা বনাম খুলনা
প্রথম ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের সাঁড়াশি আক্রমনে খুলনা ৪৪ ওভারে মাত্র ১৭৭ রানে অল আউট হয়। ঢাকার দুই পেসার মোহাম্মদ শরীফ (৪/১৭) এবং আশরাফুল খান (৩/৩৬) সাত উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন গুড়িয়ে দেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে জাতীয় লিগের ওয়ানডেতে খেলার অনুমতি পেয়ে জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজা ব্যাট হাতে ৬০ বলে ৪২ রান করেন এবং পরে ২৯ রান খরচায় একটি উইকেটও লাভ করেন।
এছাড়া খুলনার হয়ে খেলা জাতীয় দলের ব্যাটসম্যান তুষার ইমরানও এই ম্যাচে নিজেকে তুলে ধরতে ব্যর্থ হন। আসলাম আলম ৩৯, মনিরুল ইসলাম ২৩, জামালউদ্দিন বাবু ২৪ এবং নাজমুস সাদাত ১১ রান করেন।
জবাবে ওপেনার উত্তম কুমারের ৫২ এবং অধিনায়ক আল শাহরিয়ার রোকনের ৪৯ রানে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। ঢাকা ৩২ দশমিক পাঁচ ওভারে চার উইকেটে ১৮০ রান করে। খুলনার বোলার হুমায়ুন কবির ৪০ রানে দুই উইকেট লাভ করেন।
রাজশাহী বনাম চট্টগ্রাম
রাজশাহীর ৫০ ওভারে সাত উইকেটে করা ২৭২ রানের জবাবে চট্টগ্রাম তিন বল বাকি থাকতেই ২৫২ রানে অলআউট হয়ে যায়।
প্রথম ব্যাট করে রাজশাহী অধিনায়ক হাসানুজ্জামান রোজেল এবং জহিরুল হকের দু’টি হাফ সেঞ্চুরিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে। রোজেল ৭৩ বলে ৬২ এবং জহিরুল ৬০ বলে ৫২ রান করেন। এছাড়া নাঈম ইসলাম ৩৬, ফরহাদ রেজা ৩৪, মুশফিকুর রহমান অপরাজিত ৩৪ রান করেন।
সাজু দত্ত তিনটি, ফয়সাল হোসেন এবং রাশেদ খান একটি করে উইকেট লাভ করেন।
জবাবে ফয়সাল হোসেন ডিকেন্সের ৮২ এবং ধীমান ঘোষের ৭৬ রানের দু’টি চমৎকার ইনিংস সত্ত্বেও রাজশাহীর ইনিংস টপকাতে পারেনি চট্টগ্রাম। রাজশাহীর আশরাফুল হক তিন উইকেট লাভ করেন।
বরিশাল বনাম সিলেট
প্রথম ব্যাট করে বরিশাল ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩০২ রানের বড় স্কোর দাঁড় করায়। বরিশালের ইমরান আহমেদ অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ইমরান ১২৬ বলে ৯৪ রান করেন। এছাড়া হান্নান সরকার ৮১ বলে ৫৩ রান করেন।
দ্বিতীয় উইকেট জুটিতে ইমরান এবং হমায়ুন ১০৮ রান যোগ করেন। হুমায়ুন ৬৯ বলে ৬৩ রান করেন। খুলনার বোলার হাসিবুল হোসেন শান্তু তিন উইকেট তুলে নেন।
জবাবে সিলেট ৫০ ওভারে নয় উইকেটে ১৯৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে গোলাম মওলা সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া গোলাম রহমান ৩৬, রানা মিয়া ২৪, রেজাউল ১৫ এবং মনিরুজ্জামান ১৩ রান করেন। বরিশালের আনিসুর রহমান এবং হুমায়ুন কবির তিনটি করে উইকেট লাভ করেন।
