২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে বাংলাদেশ

আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধ জয়ের নায়ক ছিলেন মেহরাব জুনিয়র। আর দ্বিতীয় ম্যাচের হিরো সাকিবুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

কলম্বোর ননডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাঁ হাতি স্পিনার সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ভর করে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মত কোয়ার্টারফাইনালে খেলা নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা।

পাকিস্তানের ১৭০ রানের জবাবে দুবারের প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ ৩৪ দশমিক পাঁচ ওভারে ছয় উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

বল হাতে চার উইকেট নিয়ে শক্তিশালী পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেওয়ার পর ব্যাট হাতে মূল্যবান ২৫ রান, সাকিবের এই অলরাউন্ড পারফরম্যান্সেই কুপোকাত প্রবল প্রতিপক্ষ। ম্যাচ শেষে তাই ম্যাচ সেরার পুরস্কারটাও তার হাতেই শোভা পেয়েছে।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয়ে যাওয়া আফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেটে জয়ের স্মৃতিটা জ্বলজ্বলে তো ছিলই, তারপর আবার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনায়স জয়ে আত্মবিশ্বাসের পারদটা ছিল তুঙ্গে। ফলে একটা আত্মবিশ্বাসী দলের বোলারদের সামনে টিকে থাকার মত রসদ ছিলনা পাকিস্তানের ভান্ডারে।

সাকিব, মেহরাব আর সোহরাওয়ার্দী শুভ’র নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। যদিও তাদের সূচনাটা ছিল দারুন। উদ্বোধনী উইকেটে নাসির জামশেদ এবং আলী খান ৬৬ রান তুলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন।

কিন্তু সাকিবুল হাসানের মারাত্মক বোলিংয়ে ১০৭ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যে  পড়ে পাকিস্তান। আর চারটি প্রথম সারির উইকেটই তুলে নেন সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান আসে মিডল অর্ডার ব্যাটসম্যান আলী আসাদের ব্যাট থেকে। ৭০ বলে ৩৮ রান করে মেহরাবের বলে বোল্ড হন আসাদ। মেহরাব পরে ১৪ রান করা পাক উইকেটরক্ষক কাম অধিনায়ক সরফরাজ আহমেদের উইকেটটিও লাভ করেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ করেন ৩৭ রান।

বাংলাদেশের বোলাররা উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অতিরিক্ত ২৭ রানও দিয়েছেন। পাকিস্তানের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে।

সাকিব, মেহরাব ছাড়াও সোহরাওয়ার্দী শুভ ২৬ রান খরচায় তুলে নেন দু’টি উইকেট।   

বাংলাদেশের জবাবের শুরুটা যে খুব একটা ভালো হয়েছে তা কিন্তু বলা যায়না। দলীয় ৮৮ রানে চার উইকেট, কোনমতেই ভালো সূচনা নয়। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি, সেই সাথে ব্যর্থ দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল  রাকিবুল হাসান।

হার্ডহিটিং ব্যাটসম্যান তামিম ইকবাল দলের ২৬ রানে আউট হয়ে যাওয়ার পর ৬২ রানের মধ্যে পরের তিনটি উইকেটের পতন ঘটে। আউট হন রাকিবুল হাসান (২৭), সাকিবুল হাসান (২৫) এবং শামসুর রহমান (৫)।

আগের ম্যাচের হিরো মেহরাব হোসেন জুনিয়র (১৭) দলকে ১১৯ রানে রেখে আউট হয়ে গেলে হারের শংকা চেপে বসে বাংলাদেশ শিবিরে। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান অতি মূল্যবান ৫১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সর্বোচ্চ রানও আসে মুশফিকের ব্যাট থেকে।

দুই দলের স্কোর যখন সমান, তখনই পাক পেসার আকতার আইয়ুবের বলে আলী আসাদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। তবে যাওয়ার আগে ৫৫ বলে সাতটি চার এবং একটি ছক্কার মাধ্যমে ৪৬ রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়ে যান।

সেই আকতার আইয়ুবের বলেই একরান নিয়ে দলকে জয় এনে দেন মেহেদী হাসান। দশ রানে অপরাজিত থাকেন মেহেদী।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান- ১৭০/১০ (নাসির জামশেদ ৩৭, আলী আসাদ ৩৮, আলী খান ২০, অতিরিক্ত ২৭, সাকিবুল হাসান ৪/৩৪, সোহরাওয়ার্দী শুভ ২/২৬, মেহরাব ২/১৯)

বাংলাদেশ-  ১৭১/৬ (রাকিবুল হাসান ২৭, সাকিবুল হাসান ২৫, মুশফিকুর রহিম ৪৬, অতিরিক্ত ২৩, জামশেদ আহমেদ ২/৫৩, আকতার আইয়ুব ২/৪২)।