২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী ম্যাচ খেলতে ব্যাংকক যাচ্ছে মোহামেডান

থাইল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে বুধবার ব্যাংকক যাচ্ছে জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন অর্থাৎ শুক্রবারই দেশে ফিরবে মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এ ব্যাপারে মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক বিডিনিউজকে জানান, প্রদর্শনী ম্যাচ খেলার মধ্য দিয়ে আমরা ক্লাব পর্যায়ে পারস্পরিক সম্পর্ককে আরও সংগঠিত করতে চাচ্ছি এবং এই ম্যাচে দল সম্মানজনক ফলাফল করবে বলে আমি আশা করছি।

জাতীয় লিগের পর থেকেই মাঠের বাইরে রয়েছে মানিকের দল, তাছাড়া দল হিসেবে এখনও গুছিয়ে উঠতে পারেনি সাদাকালো শিবির। আর তাই ব্যাংককে জয়ের ব্যাপারে কোন নিশ্চয়তা দিতে পারেনিন কোচ। তিনি জানান, সপ্তাহখানেক হলো দল অনুশীলন শুরু করেছে, তাছাড়া দলের মূল খেলোয়াড়রা রয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। তবে সবকিছু মিলিয়ে সফরে সম্মানজনক ফলাফলই আশা করছেন মানিক।

এদিকে মঙ্গলবারের অনুশীলন শেষে ছুটি মিলে যাওয়ায় ছয় জাতীয় ফুটবলার-  মতিউর মুন্না, আলফাজ আহমেদ, নজরুল ইসলাম, আসাদুর রহমান, আরমান আজিজি এবং বিপ্লব ভট্টচার্য দলের সাথে ব্যাংকক যাচ্ছেন।

থাইল্যান্ডের লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচটিকে কোচ মানিক আসন্ন এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখতে চাচ্ছেন। এএফসি কাপের প্রথম হোম ম্যাচে মোহামেডান ৭ মার্চ ওমানের দোফার ক্লাবের বিরুদ্ধে খেলবে। দু’দল অ্যাওয়ে ম্যাচ খেলবে ২ মে। এছাড়া জর্ডানের আল উইদাতের বিরুদ্ধে ১১ এপ্রিল অ্যাওয়ে এবং ২৫ এপ্রিল হোম ম্যাচে মুখোমুখি হবে জাতীয় লিগ চ্যাম্পিয়ন মোহামেডান।