২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা শাস্তি : তুরস্ককে ছয়টি ম্যাচ খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে

ফুটবল পরিচালনা পর্ষদ (ফিফা) তুরস্ককে নিজেদের দেশে অনুষ্ঠেয় ছয়টি ম্যাচ নিরপেক্ষ মাঠে খেলার আদেশ দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 09:44 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

গত বছরের নভেম্বর মাসে ইস্তান্বুলে বিশ্বকাপ ফুটবলের প্লে-অফ ম্যাচে সুইজারল্যান্ড ও তুরস্কের মধ্যেকার ম্যাচে বাগবিতন্ডার সৃষ্টি হওয়ার জন্য ফিফা এই শাস্তি দিল।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুইস ফুটবলার বেনজামিন হুগেল, তুর্কি ফুটবলার এলপেই ওজালান এবং ইমরি বিলোজোগলুকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তুর্কি ফুটবলার সেরকান বালসিক এবং সুইস ফিজিও স্টিফান মেয়ারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া ঘটনাটিকে যথাযথভাবে সামাল দিতে না পারার কারণে তুরস্ককে ৮৮,০০০ পাউন্ড স্টালিং জরিমানা করা হয়েছে। খবরে বিভিন্ন বার্তাসংস্থার।

জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের প্রথম লেগ প্লে-অফ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা স্টেডিয়ামের টানেলে হাতাহাতিতে লিপ্ত হয়।

সংঘর্ষে সুইস বদলী ডিফেন্ডার স্টিফান গ্রিচটিং কুঁচকিতে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হয়।

এই ঘটনার পর তুরস্কের জাতীয় দল থেকে বাদ পড়া সহকারি কোচ মেমেত ওজদিলেকতে পরবর্তী এক বছর ফুটবল সম্পর্কিত সকল প্রকার কর্মকান্ড থেকে দূরে থাকার আদেশ দিয়েছে ফিফা।

এদিকে তুর্কি ফুটবল ফেডারেশন এবং ফুটবলাররা এই শাস্তির বিরুদ্ধে লসানে ক্রীড়া সালিশি কোর্ট (সিএএস) এর কাছে আপিল করবে বলে জানা গেছে।