ইয়ং পেগাসাসকে টপকে প্রথম বিভাগ ক্রিকেটের শীর্ষে পারটেক্স
প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছে পারটেক্স স্পোটির্ং ক্লাব। সিটি ক্লাব মাঠে মঙ্গলবার পারটেক্স ১৮৬ রানের বিশাল ব্যধানে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে হারিয়ে শীর্ষে উঠে আসে।
১৬ ম্যাচের ১৫টিতে জয় পেয়েছে পারটেক্স। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ইয়ং পেগাসাসের জয় ১৪।
প্রথম ব্যাট করে পারটেক্স সাত উইকেটে ৪০০ রানের বিশাল স্কোর গড়ে। শাকিল ১০৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া নিরালা করেন ৯৫ রান। জবাবে মেরিনার ৪৫ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের মিলন ১৫ রানে তিন উইকেট লাভ করেন।
এছাড়া একই দিন নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সূর্যতরুণ এবং ধানমন্ডি ক্লাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সূর্যতরুণ ৪৮ রানে হারিয়েছে লালমাটিয়াকে। প্রথম ব্যাট করে সূর্যতরুণ নয় উইকেটে ২৩৯ রান করে। দলের পক্ষে চয়ন সর্বোচ্চ ৪৯ রান করেন। সানি এবং সুমন দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে লালমাটিয়া সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান করে। মোস্তাক ৪৯ রান করেন। বিজয়ী দলের আদিল এবং নাসির দু’টি করে উইকেট তুলে নেন।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে ইয়ং পেগাসাস - বি দলের বিরুদ্ধে ৯১ রানের জয় পায় ধানমন্ডি ক্লাব।
ধানমন্ডি ক্লাব প্রথম ব্যাট করে আট উইকেটে ২৪৫ রান করে। সরকার ৫৯ এবং আলম ৫৬ রান করেন। সাজিদ তিনটি এবং আহাদ দু’টি উইকেট লাভ করেন।
জবাবে ইয়ং পেগাসাস বি দল ১৫৪ রানে অলআউট হয়। রাজু ২৮ রান করেন। শামিম ১৮ রানে চার উইকেট লাভ করেন।
